সহেলি মিত্র, কলকাতা: প্রখর গরমে পুড়ছে সমগ্র বাংলা। জেলায় জেলায় তাপপ্রবাহ চলছে। দক্ষিণবঙ্গের কিছু জেলা ছেড়ে অধিকাংশ জায়গার বৃষ্টির ছিটেফোঁটাও নেই। একটু কালবৈশাখী, ঝমঝমিয়ে বৃষ্টির জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছেন আমজনতা। আজও কিছু কিছু জেলায় বৃষ্টি তো আবার কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের ভ্রূকুটি। প্রশ্ন উঠছে, আজ বুধবার কি ঝড় বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ? চলুন জেনে নেওয়া যাক বিশদে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমে আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বুধবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়া গরম এবং আদ্রতায় ভরা আবহাওয়া বিরাজ করবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়ার হালহকিকত সম্পর্কে। এদিন মূলত উত্তরবঙ্গের ৫ জেলা যেমন দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। এরইসঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
আরও পড়ুন: কম খরচে AC বাসে করে কলকাতা থেকে মায়াপুর, জানুন সময়সূচি ও ভাড়া
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? বৃহস্পতিবার আবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।










