প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গে বর্ষা ঢুকলেও তার লক্ষণ কিছুই বোঝা যাচ্ছে না। বিগত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ এলাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া এতটাই বেড়েছে যে হাঁসফাঁস অবস্থা সকলের। তবে বিকেলে মিলছে খানিক স্বস্তি। আগামীকালও (Weather Tomorrow) বিকেলে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা যে খুব একটা সক্রিয় হয়নি বেশ বোঝা যাচ্ছে। সেই কারণেই বৃষ্টিপাত হচ্ছে না দক্ষিণবঙ্গে। এদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় একদিকে যেমন বাড়ছে অস্বস্তি ঠিক তেমনই বাড়ছে ঘামের পরিমাণও। যদিও বিকেলের দিকে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয় না, কিছুক্ষণ পরেই বেড়ে যায় গরম। তবে উত্তরের জেলাগুলিতে সম্পূর্ণ বিপরীত আবহাওয়া। সেখানে দিন রাত হয়েই চলেছে বৃষ্টি। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। বাতাসে আর্দ্রতাজনিত আবহাওয়ার কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে জেলায় জেলায়। বিকেলের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলির কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: CID-র জেরার মাঝেই বড় ধাক্কা! অভিষেকের বাড়িতে মাপজোক পুরসভার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে প্যাচপ্যাচে গরম থাকলেও উত্তরবঙ্গে একেবারেই উল্টো চিত্র। বিগত কয়েক সপ্তাহ ধরে গোটা উত্তরবঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েই চলেছে। আগামীকাল, বুধবার, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বেশ কিছু এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও গোটা সপ্তাহ জুড়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি চলবে। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়। এমনকি ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকার বেশ কিছু অংশে ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে।










