CID-র জেরার মাঝেই বড় ধাক্কা! অভিষেকের বাড়িতে মাপজোক পুরসভার

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক ভয়ংকর অভিযোগের মুখে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমতাবস্থায় উস্কানিমূলক মন্তব্যের মামলায় তিনি যখন ভবানী ভবনে ম্যারাথন জেরার মুখোমুখি হয়েছেন ঠিক সেই সময়ই তাঁর কালীঘাটের (Kalighat) বাসভবনে হানা দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) আধিকারিকরা। শুরু হল মাপজোক

অভিষেকের বাড়িতে পুরসভার আধিকারিকরা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, মঙ্গলবার দুপুরে, ১২১, কালীঘাট রোড অর্থাৎ পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন কলকাতা পুরসভার কয়েকজন আধিকারিক। বেশ অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে বাড়ির চারপাশে মাপজোক করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই বাড়ির কোনও অংশ বেআইনি কিনা অথবা বাড়তি জমি দখল করে কোনও নির্মাণ হয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়াররা। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু সম্পত্তির ক্ষেত্রে প্ল্যান বহির্ভূত অতিরিক্ত বেআইনি নির্মাণ করা হয়েছে অভিযোগ উঠে এসেছিল। তাই সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই এই তৎপরতা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

কেন এই অভিযান?

উল্লেখ্য, এর আগেই ১৮৮ এ হরিশ মুখার্জি রোডে অবস্থিত অভিষেকের ‘শান্তিনিকেতন’ ভবনেও একই ভাবে মাপজোক করেছিল পুর আধিকারিকরা। এমনকি পুরসভার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে অবস্থিত তাঁর নিজের এবং তাঁর সংস্থার একাধিক সম্পত্তিতে পুর আইনের ৪০১ ধারায় নোটিস পাঠানোও হয়েছিল। আর সেই নোটিসে দ্রুত অনুমোদিত বিল্ডিং প্ল্যান ও নির্মাণ সংক্রান্ত সব বৈধ নথি চাওয়া হয়েছিল। যদিও সেই তথ্য পুরসভায় জমা দিতে বেশ খানিকটা সময় চেয়ে নিয়েছিলে অভিষেক। এখন টার্গেট ১২১, কালীঘাট রোড অর্থাৎ পটুয়াপাড়ায় অভিষেকের বাড়ি।

আরও পড়ুন: ভবানীপুর নির্বাচনের ফল নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ মমতার

প্রসঙ্গত, একদিকে ‘শান্তিনিকেতন’ বাড়ির মাপজোক পর্ব যখন চলছে ঠিক তখনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘ডিজে’ মন্তব্যের মামলায় হাজিরা দিয়েছেন ভবানী ভবনে। দুপুর ১২টায় তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ৩ মিনিট আগেই ভবানী ভবনে প্রবেশ করেছিলেন অভিষেক। এখনও চলছে জিজ্ঞাসাবাদ। কিন্তু তাঁর অনুপস্থিতিতে বাড়িতে পুর ইঞ্জিনিয়ারদের যাওয়া এবং এভাবে মাপজোক নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা।