ধনতেরাসের আগে সোনার গয়না পরিষ্কার করুন এভাবে, রইল টিপস

Published:

Cleaning Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই আসছে ধনতেরাস, নতুন সোনার গয়না কেনার ধুম পড়বে দোকানে দোকানে। অনেকেই আবার পুরোনো সোনার গয়না লকার থেকে বের করে। আসলে সোনার গয়না শুধু অলঙ্কার নয়, সংসারের সঞ্চয়ও বটে। কিন্তু অনেকসময় দেখা যায় সোনার গয়নায় (Gold Jewellery Cleaning Tips) ঘামের দাগ বা কালচে ছোপ পড়ে যায়। যার ফলে গয়নার আসল সৌন্দর্য হারিয়ে যায়। তবে চিন্তা নেই, ঘরোয়া উপায়ে সেই পুরনো গয়না ফের নতুনের মতো করা সম্ভব (Cleanning Tips)। রইল সেই টিপস।

বেকিং সোডা ও লেবু

যেকোনো জিনিস পরিষ্কার করতে বেকিং সোডার ভূমিকা অনবদ্য। এমনকি বাদ যায় না সোনাও। এর জন্য একটি বাটিতে এক চামচ বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এ বার সেই পেস্টটি তুলো দিয়ে আলতোভাবে গয়নার গায়ে ঘষে নিতে হবে। দেখবেন ৫ মিনিট পর কালচে দাগ দূর হয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, এই মিশ্রণটি সোনার উপর বেশিক্ষণ রেখে দেবেন না, নইলে সাদা হয়ে যেতে পারে।

টুথপেস্ট

গুঁড়ো টুথপেস্ট সোনার উপর ময়লা দূর করতে বেশ কার্যকরী। পুরোনো সোনাগুলোকে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে নরম ব্রাশে টুথপেস্টের গুঁড়ো লাগিয়ে গয়নার গায়ে আলতো করে ঘষে দিন। এতে ধুলোময়লা দূর হওয়ার পাশাপাশি সোনার আসল চকচকে ভাব ফিরে আসবে। আর যখন কালচে ভাব উঠে আসবে তখনই জল দিয়ে ধুয়ে আবার নরম তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিন।

আরও পড়ুন: অতিরিক্ত মানসিক চাপে ঘুম কম হচ্ছে? রাতে শোওয়ার আগে করুন এই কাজগুলি

লিক্যুইড ডিটারজেন্ট

সোনার গয়না পরিষ্কার করতে লিকুইড ডিটারজেন্টও বেশ কার্যকরী। এর জন্য একটি বড় পাত্রের মধ্যে অর্ধেক গরম জলের সঙ্গে কম ক্ষার-যুক্ত সাবান মেশান। এবার সেই জলে লিক্যুইড ডিটারজেন্ট যোগ করে ফেলুন। ভালো করে সেটি গুলতে হবে, এবার সেই জলে সোনার গয়না ডুবিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে।

অ্যামোনিয়াযুক্ত ক্লিনার

একটি পাত্রে অ্যামোনিয়াযুক্ত ক্লিনার নিয়ে গয়নাগুলো এক থেকে দুই মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। এরপর একটি নরম ব্রাশ দিয়ে হালকাভাবে ঘষে নিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। তারপর নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিন দেখবেন সোনার গয়না চকচক করবে।

google button