ভবানীপুর নির্বাচনের ফল নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ মমতার

Published:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতাচ্যুত হতেই ফের দ্বিতীয়বার হাইকোর্টে (Calcutta High Court) গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে আজ, মঙ্গলবার ভবানীপুর (Bhowanipore) বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দায়ের করলেন। এদিন মমতার সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।

দ্বিতীয়বার হাইকোর্টে মমতা

২৬ এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। কিন্তু ফলাফলের সাপেক্ষে ওই কেন্দ্রে হেরে যান তৃণমূল নেত্রী। প্রায় ১৫ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন শুভেন্দু। কিন্তু ভোটের ফলাফলে কারচুপির অভিযোগ তোলেন মমতা। উল্লেখ্য, ২০২১ সালেও বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। সেই সময়ও একই অভিযোগ করেছিলেন। এখনও সেই মামলা বিচারাধীন। এ বার ২০২৬ সালের ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন মমতা।

তাপস চট্টোপাধ্যায়ও করলেন চ্যালেঞ্জ

গত ৪ মে ভবানীপুরের ভোট গণনা হয়েছিল দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে। কিন্তু গণনার বেশ কয়েক রাউন্ড বাকি থাকতেই সে দিন সন্ধ্যায় গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিযোগ করেন যে পুরোটাই ‘একতরফা’ গণনা হচ্ছে। এমনকি মারধরের অভিযোগও করেন। এবার তাই সেই নিয়ে মামলা উঠল হাইকোর্টে। পাশাপাশি রাজারহাট নিউটাউন বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ও নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন: ঝড় বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, বিকেলে ধেয়ে আসছে আরও দুর্যোগ? আবহাওয়ার খবর

এর আগে গত ১৪ মে হাই কোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেটি ছিল ভোট-পরবর্তী অশান্তির মামলা। সেখানে আইনজীবীর বেশে সওয়াল করতে গিয়েছিলেন মমতা। কিন্তু সেই বার আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এমনকি ‘চোর’ স্লোগানও শুনতে হয়েছিল। যা নিয়ে তিনি প্রতিবাদও জানিয়েছিলেন। এবার প্রায় এক মাস পরে, ১৬ জুন ফের হাই কোর্টে হাজির হলেন মমতা। তবে বেশিক্ষণ থাকেননি। আদালতে প্রয়োজনীয় কাজ সেরে ফের গাড়িতে উঠে হাই কোর্ট চত্বর থেকে বেরিয়ে যান তিনি।