সহেলি মিত্র, কলকাতা: ঘূর্ণাবর্ত, নিম্নচাপ সর্বোপরি মৌসুমী অক্ষরেখার জেরে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাঁধভাঙা বৃষ্টিপাতের তাণ্ডব শুরু হয়েছে। আপাতত এরকম আবহাওয়া হাত থেকে রেহাই নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বুধবার সকাল থেকেই দিকে দিকে হয়ে গেছে কয়েক পশলা বৃষ্টি। তবে এখানেই শেষ নয়, আকাশ এখনো অবধি মেঘলা রয়েছে। যে কোনো সময় অঝোরে বৃষ্টিপাত নামতে পারে বলে খবর। ফলে আপনারও যদি বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে অবশ্যই রাখবেন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ বুধবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন সব জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদীয়া জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক এদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়ার হালচাল কেমন থাকবে সে সম্পর্কে। এদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও দুর্যোগের ঘনঘটা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার,মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আরও পড়ুনঃ ছিলেন ১০০ দিনের কাজের মজুর, আজ জয়েন্ট BDO হয়ে ‘জিরামজি’র দায়িত্বে সৌরভ
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গী হবে বজ্রবিদ্যুৎও। উত্তরবঙ্গের কথা বললে এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও মালদা,উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি তো কখনো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।










