দক্ষিণবঙ্গে দুর্যোগ কাটতেই উত্তরে বাড়ছে বৃষ্টির দাপট, জারি সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজো আসতে আর বাকি মাত্র কয়েকদিন, এদিকে বৃষ্টি কমার এখন কোনো নামগন্ধ নেই। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় নিম্নচাপের জেরে রাজ্যের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। তবে এবার দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি কমতে চলেছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গে (North Bengal) এবার দেখা গেল দুর্যোগের চিত্র। সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস

আজকের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছেছে। এ ছাড়া, রাজস্থান থেকে ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা রয়েছে, যা মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ের উপর দিয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, বর্ষাকালীন অক্ষরেখা আপাতত সক্রিয় রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের উপর। আর এর প্রভাবে উত্তরবঙ্গে আগামী বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে এই সমস্ত জেলায়। তবে আপাতত কোথাও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

আরও পড়ুন: কালীঘাট মন্দিরে গয়না চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে চিঠি, CBI-র দাবি সাবর্ণ পরিবারের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট না থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, আগামীকাল, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। সেখানেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।