প্রীতি পোদ্দার, কলকাতা: খবরের শিরোনামে ফের কালীঘাট মন্দির (Kalighat Temple)। সম্প্রতি মন্দিরের সম্পদ নয়ছয় করার অভিযোগ তুলেছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার। জানা গিয়েছে, ১৯৮০ সাল থেকে মায়ের সম্পদ গচ্ছিত ভল্টের (Kalighat Temple Vault) চাবি পাওয়া যাচ্ছে না। ফলে ভল্টের ভিতরে ঠিক কী কী সামগ্রী রয়েছে, সবকিছু সুরক্ষিত আদেও আছে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এবার তাই আর্থিক অনিয়ম এবং আইন লঙ্ঘন করা হচ্ছে এই অভিযোগ (Kalighat Temple Controversy) তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে পাঠানো হল একটি চিঠি।
প্রশ্নের মুখে কালীঘাট মন্দিরের গচ্ছিত সম্পদ
সম্প্রতি সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ প্রশ্ন তুলেছিল মায়ের মন্দিরের গচ্ছিত সম্পদের হিসাব নিয়ে। পরিবারের অভিযোগ, “দেবীর মূল্যবান অলঙ্কার ও অন্যান্য সম্পদ রাখার জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভল্ট রয়েছে। কিন্তু সেই ভল্টের চাবি পাওয়া যাচ্ছে না। ফলে ভল্টের ভিতরে ঠিক কী কী সামগ্রী রয়েছে, সবকিছু সুরক্ষিত আদেও আছে কি না এবং শেষ কবে সেগুলির যাচাই হয়েছিল তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমনকি ২০১৪ সালের পর থেকে মন্দির পরিচালন কমিটির নির্বাচনও হয়নি। যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মন্দির সংক্রান্ত নির্বাচিত কমিটির কার্যকালের মেয়াদ পাঁচ বছর। তাই এবার সুবিচার চাইতে পরিবার পরিষদের তরফে সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
সুপ্রিম কোর্টের কাছে পাঠানো হয়েছে চিঠি
সূত্রের খবর সুপ্রিম কোর্টকে দেওয়া চিঠিতে কালীঘাট মন্দির পরিচালনায় অবিলম্বে হস্তক্ষেপের পাশাপাশি CBI তদন্ত অথবা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। এবং সুপ্রিম কোর্টের নির্ধারিত নিয়ম মেনে জেলা জজ, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি, সাবর্ণ পরিবারের অন্তত দু’জন সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নতুন করে মন্দির পরিচালন কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। এখানেই শেষ নয়, তাঁদের আরও দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যথেচ্ছ ভাবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেওয়ার পাশাপাশি ছবি ও ভিডিয়ো করা হচ্ছে। এর ফলে মন্দিরের গরিমা নষ্ট হচ্ছে। তাই শীঘ্রই এই মন্দির নিয়ে কড়াকড়ি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন: ট্রি-হাউস রিসর্ট থেকে আকাশপথে বাঘ দর্শন, সুন্দরবনের পর্যটন ব্যবস্থা নিয়ে বিরাট ভাবনা
মন্দির প্রসঙ্গে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী বলেন, “প্রথমে আমরা জেলা জজকে বিষয়টি জানিয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছিলাম। সেখান থেকে কোনও জবাব না পাওয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখতে বাধ্য হয়েছি। এ ক্ষেত্রেও যদি কোনও ফল না হয়, তা হলে জনস্বার্থ মামলা করার কথা বিবেচনা করব।’’ যদিও গর্ভগৃহে মুখ্যমন্ত্রীদের পুজো দেওয়ার বিষয়টি আলাদা করে চিঠিতে উল্লেখ করেনি সাবর্ণ পরিবার। কারণ তাঁরা এই প্রতিবাদের ক্ষেত্রে কোনও রাজনৈতিক রং লাগাতে চান না। অন্য দিকে, কালীঘাট মন্দিরের অফিস অ্যাসিস্ট্যান্ট রাজা ভট্টাচার্যও কোনো প্রতিক্রিয়া জানাননি। এখন দেখার সুপ্রিম কোর্টের নির্দেশ কোন দিকে মোড় নেয়।










