বর্ষায় বৃষ্টির আকাল! ভারী বর্ষণের সতর্কতা ২ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষা এলেও বাংলার আকাশে বর্ষার বিন্দুমাত্র চিহ্ন নেই। যেন মনে হচ্ছে ঘোর গ্রীষ্মকাল। প্রখর রোদে গায়ে জ্বালা ধরে যাচ্ছে সকলের। সেইসঙ্গে দরদর করে ঘামছেন সকলে। কারোর বিশ্বাসই হচ্ছে না যে এখন বর্ষাকাল। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ তীব্র গরমে নাজেহাল হয়ে উঠছেন। তবে উত্তরবঙ্গে এখন চলছে দুর্যোগ। চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। জেলায় জেলায় জারি করা হয়েছে লাল কমলা সতর্কতা। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার দুই বঙ্গে দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা (Weather Today) প্রবল রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক বুধবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় ও তুমুল বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া এই বর্ষাতেও ভরপুর গরমের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বললে, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে পাঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত সমুদ্রপৃষ্ঠের গড় স্তরে অবস্থানকারী মৌসুমী অক্ষরেখা বর্তমানে বজায় রয়েছে। এছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতার বিহার ও সংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলের ওপর একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দাপট।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার থেকে মহা দুর্যোগ শুরু হওয়ার ভ্রূকুটি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিন যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলা যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে এদিন ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় ও দুর্যোগের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। এছাড়া অত্যাধিক গরম থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।