সহেলি মিত্র, কলকাতাঃ কয়েকদিনের কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির পর পশ্চিমবঙ্গে আবার গরম পড়তে চলেছে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে এর মানে এই নয় যে বৃষ্টি হবে না, বৃষ্টি অব্যাহত থাকবে জেলায় জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির মতো পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে পারদ শীঘ্রই ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং এমনকি ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাবে। তবে আজ বৃহস্পতিবার জেলায় জেলায় রয়েছে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ বৃহস্পতিবার সারাদিন কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আলিপুর মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি একই জায়গায় অবস্থান করছে। এরইসঙ্গে ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া পূর্ব পশ্চিম অক্ষরেখাটি বর্তমানে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের উপর অবস্থানকারো উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত থেকে পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ অসম হয়ে মণিপুর অবধি বিস্তৃত রয়েছে যা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টির ভ্রূকুটি।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন মূলত প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










