সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর আবহে বাংলার দিকে ধেয়ে আসছে ব্যাপক দুর্যোগ! আলিপুর আবহাওয়া দফতরের তরফে আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে যে পূর্বাভাস জারি করা হয়েছে তা দেখে সকলের চোখ কপালে উঠতে পারে বৈকি। সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আজ থেকে ভারী বৃষ্টি (Weather Today) নামবে জেলায় জেলায়। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সঙ্গে ভয়ানক বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে পশ্চিমমধ্য ও সংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। আজ থেকেই জেলায় জেলায় শুরু হতে পারে দুর্যোগ, ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় সঙ্গে প্রবল বজ্রপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে।
বর্তমানে নিম্নচাপটি রয়েছে, সেটি সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিম মধ্য ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। এর সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। এটি আগামী কয়েক ঘণ্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের ওপর একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী ২৪ ঘন্টায় এটি পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে প্রসঙ্গে। পূর্বাভাস অনুযায়ী, এদিন শুধুমাত্র ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বুধবার থেকে বৃষ্টির বেগ বাড়তে চলেছে উত্তরবঙ্গে।
আগামীকালের আবহাওয়া
বুধবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিনও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এছাড়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় সঙ্গে প্রবল বজ্রপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন থেকে আবার ভারী বর্ষণের ভ্রূকুটি রয়েছে উত্তরবঙ্গে। বুধবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায়। এছাড়া বৃষ্টি চলতে পারে বাদবাকি জেলাগুলিতেও বলে খবর।










