প্রীতি পোদ্দার, কলকাতা: ভাদ্র মাসে নিম্নচাপের চোখরাঙানিতে রীতিমত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপের জোড়া ফলার প্রভাবে রাজ্যজুড়ে তৈরি হয়েছে ঘোর দুর্যোগময় পরিস্থিতি। যখন তখন ঝাঁপিয়ে নামছে বৃষ্টি (Rain)। শুধু কি তাই? পরক্ষণেই আবার গা জ্বালানো রোদ উঠছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বেড়েই চলেছে অস্বস্তি, তবে এখনই এর হাত থেকে নিস্তার নেই, আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) দক্ষিণবঙ্গে (South Bengal) এমনই দুর্যোগমূলক পরিস্থিতি বজায় থাকবে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার ফলে উপকূলে এর প্রভাব পড়েছে এছাড়াও নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে যার অভিমুখ উত্তর-পশ্চিম দিকে রয়েছে। এই দুইয়ের প্রভাবে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আজকের আবহাওয়া: https://indiahood.in/weather/
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার সকাল থেকেই আকাশে মেঘ রোদের খেলা চলবে। কখনও ঝলমলে রোদের আভা দেখা যাবে তো কখনও আবার মুহূর্তের মধ্যে আকাশ ঢেকে যাবে ঘন অন্ধকারে, ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। আগামীকাল, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সঙ্গে বইতে পারে ২০-৩০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
আগামীকালের আবহাওয়া: https://indiahood.in/weather-tomorrow/
আরও পড়ুন: ৫০ বছর পর খুলল বরানগরের বন্ধ জুটমিল, কর্মসংস্থানের আশায় স্বস্তির হাসি শ্রমিকদের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবল পূর্বাভাস রয়েছে। এছাড়াও কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিস্তৃত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী তিনদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।










