সহেলি মিত্র, কলকাতাঃ সকাল হতে না হতেই জ্বালাময়ী গরমে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। ঝাঁঝাঁ রোদে রাস্তায় বেরনো দায় হয়ে পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, খুব দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরনোই ভালো। পর্যাপ্ত জল পানের পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের পরামর্শর পাশাপাশি মানুষ অপেক্ষায় রয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাভাসের (Weather Today) অপেক্ষায়। বৃষ্টি কবে আসবে? রাজ্যব্যাপী এটাই এখন সার্বজনীন প্রশ্ন, বিশেষ করে দক্ষিণবঙ্গবাসীর। তবে এবার সকলের সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে খবর। আজ মঙ্গলবার থেকে বেশ কিছু জেলায় তুমুল বৃষ্টি সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ মঙ্গলবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হতে পারে। অন্যদিকে বাদবাকি জেলা যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। অর্থাৎ অবশেষে বাংলার হাওয়া বদল হতে চলেছে।
আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশে, আন্দামান সাগরের অধিকাংশ এলাকায়, সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশে,আন্দামান সাগরের অবশিষ্ট অংশে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির অনুকূল পরিস্থিতি রয়েছে। এছাড়া উত্তর-পূর্ব বিহারের ওপর অবস্থানকারী উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তটি বর্তমানে উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দমকা হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
আগামীকালের আবহাওয়া
বুধবার কেমন থাকবে আবহাওয়া? এদিন আবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দমকা হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টির পরিমাণ এক লাফে অনেকটাই বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের কথা বললে এদিন বীরভূম পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঝড় হতে পারে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলী মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। সেইসঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি।










