প্রীতি পোদ্দার, কলকাতা: ক্যালেন্ডারের গণনা অনুযায়ী বৃষ্টি বিদায় নিলেও এখনও থামেনি তার গর্জন। ভাদ্র মাস পরে গেলেও নিম্নচাপের জেরে উত্তর (North Bengal) থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি হয়েই চলেছে। তার উপর ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আজও জন্মাষ্টমীতে একই পরিস্থিতি, এই অবস্থায় হাওয়া অফিসের পূর্বাভাস আগামীকাল (Weather Tomorrow) শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এখনো সক্রিয় মৌসুমী অক্ষরেখা
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে বর্ষাকালীন অক্ষরেখা সক্রিয় রয়েছে উত্তর ভারতে। সেটি রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে তা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলের উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তাই এই দুই জোড়া ফলার প্রভাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও বেলা বাড়তেই মেঘলা আকাশ দেখা যাবে জেলায় জেলায়। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদিও রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। তবে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামীকাল শনিবার কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর মেঘলা আকাশ দেখা যাবে মাঝে মধ্যেই শহরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এক-দু’ পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বেশ। অন্যদিকে আগামী সপ্তাহে ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: মন্দারমণিতে গোয়ার ছোঁয়া, পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন লোগো-স্লোগান উন্মোচন মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আগামীকাল, শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দু-একটি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহারে বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই। শনিবার পর্যন্ত দুই জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।










