শনিতেও ঝড়-বৃষ্টির সতর্কতা! ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) গরম ও অস্বস্তি এখনই কমছে না। তার উপর বাতাসে জলীয় বাষ্প রয়েছে। ফলে আগামী কয়েকদিন গরম ও অস্বস্তি বাড়বে। এদিকে রাজ্যে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মালদহ ছাড়া উত্তরবঙ্গে (North Bengal) ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু! আশা করা যাচ্ছে আগামী দু’দিনে (Weather Tomorrow) উত্তরের বাকি অংশে পৌঁছবে বর্ষা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ তো বটেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে পঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে। এই অনুকূল বায়ুপ্রবাহের জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে এখনই গরম কমবে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে বেশ কয়েকটি জেলায়। তবে মাঝেমধ্যে রোদের দেখা পাওয়া যাবে। তাই সামান্য ভ্যাপসা গরম তার পাওয়া যাবে। বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা। এই জেলাগুলিতে বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: বীরভূমের কোটাসুরে মাটি খুঁড়তেই বেরিয়ে এল শিবলিঙ্গ, অবাক এলাকাবাসী

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বর্ষা না ঢুকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পালা শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়া বয়ে যাবে। ৭ থেকে ১১ সেমি বৃষ্টি হবে। দুর্যোগের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে মালদহ ও দুই দিনাজপুরে।