ফুঁসছে নিম্নচাপ অক্ষরেখা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ কখনও রোদ তো কখনও আকাশ মেঘলা, বৃষ্টি। বর্ষার মরসুমে বর্তমানে এমনই আবহাওয়ার (Weather Today) খেলা শুরু হয়েছে বাংলায়। কখনও এত বৃষ্টি হচ্ছে যে সব ভেসে যাচ্ছে তো কখনও বৃষ্টিই হচ্ছে না, যে কারণে নতুন করে হা হুতাশ করতে হচ্ছে বঙ্গবাসীকে। অবশ্য একটানা বৃষ্টির কারণে বাংলায় গুমোট গরমের দাপট কমেছে। এখন বেশ ঠান্ডাই আছে আবহাওয়া। আজও যেমন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া বৃষ্টি চলবে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বললে, সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী অক্ষরেখাটি এখন রাজস্থান থেকে উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া নিম্ন ট্রপোস্ফিয়ারে পশ্চিম বায়ুর অক্ষরেখাটি যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উপরে পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল যা স্থান পরিবর্তন করে উপ হিমালয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জার করা হয়েছে দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট চলবে বাদবাকি জেলাগুলিতেও।

আগামীকালের আবহাওয়া

বুধবারের কথা বললে, এদিন উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন হালকা থেকে মাঝারি কিংবা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, কলকাতা এবং বীরভূম জেলায়।