বিকেলে দুর্যোগ দক্ষিণবঙ্গে, মঙ্গলেও জারি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই নিম্নচাপের প্রভাবে উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। যদিও গতকাল থেকে কমেছে বৃষ্টির পরিমাণ। তবে বুধবার থেকে ফের বদলাতে পারে আবহাওয়ার চরিত্র। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার পাশাপাশি আগামীকাল (Weather Tomorrow) কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বিকেলেও বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বিকেলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা

গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। যদিও সেই নিম্নচাপের প্রভাব এখন আর না থাকলেও আজ বিকেলের দিকে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি এদিন, ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল, মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও গরম থেকে এখনই পুরোপুরি মুক্তি মিলবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। অর্থাৎ বৃষ্টির পর সাময়িকভাবে তাপমাত্রা কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে।

আরও পড়ুন: মমতার গাড়িতে কাদা-পাথর ছুঁড়েছিল তৃণমূল কর্মীই? প্রমাণ দিয়ে দাবি অর্জুন সিং-র

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাই হাওয়া অফিসের তরফে আগামী চার দিনে উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও বেশ কয়েকটি পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ সাময়িকভাবে বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে নদীর জলস্তর বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।