নবমীতেও ঝেঁপে বৃষ্টি? ভেস্তে যাবে প্যান্ডেল হপিং-র প্ল্যান! আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ মহাষ্টমী। রাজ্যের কোথাও বৃষ্টির আর তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে বৃষ্টিহীন মনোরম আবহাওয়ায় মেতে উঠতে পারবেন আপামর বাঙালি। এমতাবস্থায় আগামীকাল (Weather Tomorrow) নবমীতে দক্ষিণের (South Bengal) আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। স্পষ্ট জানিয়ে দিল বৃষ্টি নিয়ে আর চিন্তায় পড়তে হবে না বঙ্গবাসীকে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আজকের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী প্রথম সপ্তমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, গতকাল, দ্বিতীয় সপ্তমীর দিন থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাওই বৃষ্টি হয়নি। আজও সকাল থেকেই বেশ পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিকেলেও। ফলে পুজোর আনন্দে বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নবমীর দিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। রোদের তেজ ও বেশ অনুভূত হবে। মাঝে মধ্যে আংশিক মেঘের আনাগোনা থাকলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি থাকায় দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আবার রাতের দিকে তাপমাত্রার পারদ ধীরে ধীরে কমবে। তাই নিশ্চিন্তে এবার পুজো কাটাতে পারবেন সকলে।

কলকাতায় আগামীকালের আবহাওয়া

নবমীর সকাল থেকেই কলকাতা শহর জুড়ে রোদঝলমলে আকাশ দেখা যাবে। যদিও রোদের পাশাপাশি আর্দ্রতাজনিত গরমের অস্বস্তি বজায় রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল, তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। ফলে কোনো বাধা ছাড়াই শহরজুড়ে নির্বিঘ্নে চলবে ঠাকুর দেখার আনন্দ।

আরও পড়ুন: বিজেপি ছেড়ে কংগ্রেসে গায়ক জুবিনের বাবা, দলত্যাগের কারণ নিয়ে বিস্ফোরক অভিযোগ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল, নবমীর দিন উত্তরবঙ্গেও থাকবে শুষ্ক আবহাওয়া। তবে বিকেলের দিকে উপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে হয়ত দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। অর্থাৎ সেখানকার পুজো বেশ ভালো ভাবেই উদযাপন করা হবে।

google button