প্রীতি পোদ্দার, কলকাতা: তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, গত কয়েকদিন হালকা বৃষ্টি এবং ঝড় হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এলেও তা ছিল সাময়িক। এবার দক্ষিণবঙ্গে (South Bengal) ফিরতে চলেছে হাঁসফাঁস করা গরম। এখনও বর্ষার আগমন নিয়ে কোনো আপডেট নেই। উল্টে, আগামী কয়েক দিনে (Weather Tomorrow) দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কয়েকটি জেলার তাপমাত্রা। অন্যদিকে বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গে। আপাতত সেখানে ভারী বৃষ্টি (Rain) চলবে বলেই জানা গিয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বুধবার, সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। আকাশে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। রোদের তেজ থাকবে ভরপুর। জানা গিয়েছে, আগামী কয়েক দিনে একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে সপ্তাহের শেষে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল, সকাল থেকেই চড়া রোদ দেখা যাবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। যার ফলে ভ্যাপসা গরমে রীতিমত কালঘাম ছুটবে সকলের। তবে এখনই আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বিকেলের দিকে বৃষ্টির না হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: UPI-কে আরও সুরক্ষিত করতে বড় পদক্ষেপ, এই ৫ সেটিংস অন করে বাঁচুন প্রতারণার থেকে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ভরপুর গরম থাকলেও, আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে। প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। জানা গিয়েছে চলতি সপ্তাহে সেখানে আরও বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়। যার ফলে চলতি সপ্তাহে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে।










