সৌভিক মুখার্জী, কলকাতা: গোটা দক্ষিণবঙ্গ এখন চাঁদিফাটা রোদে পুড়ছে। প্যাচপ্যাচে গরম আর তাপপ্রবাহের দাপটে জনজীবন কার্যত বিপর্যস্ত। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ গতকাল সোমবারেও পরিস্থিতির কোনও রদবদল হয়নি। আকাশ পরিষ্কার থাকার জেরে সরাসরি রোদের তেজে জ্বলেছে গোটা বঙ্গবাসী। তবে তীব্র দহনজ্বালা থেকে কি আদৌ স্বস্তি মিলবে? কেমন থাকবে আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)? জানাল আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ এবং কাল দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনাই নেই। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার এক দুটি জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এমনকি জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকতে পারে। আর বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় চরম আর্দ্রতা এবং গরম অনুভূত হবে।
তবে সুখবর এই যে, আগামী ২৩ এপ্রিল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ার এক-দু’জায়গায় হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এখন কোনও স্বস্তির বার্তা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
এদিকে দক্ষিণবঙ্গ যখন তীব্র দাবদহে পুড়ছে, সেখানে উত্তরবঙ্গ কিছুটা হলেও শান্ত। কারণ, আজ এবং কাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং-এ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। আর ২৩ এপ্রিল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে।
আরও পড়ুন: বদলাতে হবে না উনুন বা সিলিন্ডার, খরচও কম! LPG-র জায়গা নিতে আসছে DME
আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর যেমনটা জানাচ্ছে, আগামীকালও আবহাওয়ায় সেরকম কোনও রদবদল হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে গরমের দাপটে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে। তবে উত্তরবঙ্গে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে আমজনতা। কারণ, জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।










