প্রীতি পোদ্দার, কলকাতা: ব্যাপক গরমের মাঝে তুমুল বৃষ্টি ও সঙ্গে কালবৈশাখির দাপটে ভোটের দ্বিতীয় পর্বে আবহাওয়া অনেকটাই পাল্টে গেছে। মেঘলা আকাশ ও দমকা বাতাসের কারণে কমেছে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি। গতকালও সন্ধ্যায় রেকর্ড বৃষ্টিতে (Rain) এপ্রিলের অস্বস্তিকর ঘেমো গরম নিমেষে উধাও হয়ে গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal)। আশঙ্কা করা হচ্ছে আজও বাড়বে বৃষ্টির (Weather Today) দাপট। কিন্তু প্রশ্ন উঠছে কদিন থাকবে এই দুর্যোগমূলক আবহাওয়া।
কতদিন থাকবে বৃষ্টির দাপট?
বৈশাখের শুরুতেই কাঠফাটা গরমে রীতিমত নাভিশ্বাস অবস্থা হয়ে উঠেছিল আট থেকে আশির। রীতিমত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ছুঁয়েছিল ৪০ এর ঘর, শুধু তাই নয়, তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২৯ তারিখ নির্বাচনের রাত থেকেই, কলকাতা ও তার আশেপাশের জেলায় আবহাওয়ার বড় বদল হয়েছে। ঝড় বৃষ্টির জেরে অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা। আশঙ্কা করা হচ্ছে গণনার দিন, অর্থাৎ ৪ মে-ও নাকি গোটা বাংলাতেই বাড়বে বৃষ্টি। আগামী বুধবার পর্যন্ত চলবে এই বৃষ্টির দাপট। তাই আপাতত গরমের থেকে খানিক স্বস্তি পেল বঙ্গবাসী। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। রোদের তেজ খুব একটা না থাকায় গরম একদমই নেই বলা যায়। আজও দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া এই ৯ জেলায় বিকেলেই ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে। তার সঙ্গে ঝেঁপে নামবে বৃষ্টিও। তাই এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে এই ঝড় বৃষ্টির জেরে একঝটকায় অনেকটাই কমেছে তাপমাত্রা। পূর্বাভাস আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: এক ক্লিকেই ফলাফল, ৮ মে কোন সাইটে পাবেন সবথেকে দ্রুত মাধ্যমিকের রেজাল্ট?
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ৭০-১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকছে। রবিবারেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। তাই এখন আপাতত সেখানেও তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।










