প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটে বাংলার দুই প্রান্তে দু’রকম আবহাওয়া। পশ্চিমাঞ্চল এবং দক্ষিণে (South Bengal) যেখানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা ঠিক একই সময়ে উত্তরবঙ্গে (South Bengal) ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গ জুড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাকি বাড়বে। পরবর্তী ৪ দিনেও একইরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এসবের মাঝে স্বস্তির বৃষ্টি নিয়ে আগামীকাল (Weather Tomorrow) বড় আপডেট দিল হাওয়া অফিস।
আজ রাজ্য জুড়ে চলছে প্রথম দফার ভোট নির্বাচন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক হাওয়া বেশ গরম। তার উপর বৈশাখী গরম যেন বেড়েই চলেছে। আশঙ্কা করা হচ্ছে শুকনো পশ্চিমী হাওয়ায় গরম নাকি আরও বাড়বে। পাশাপাশি জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠেছে। তবে উত্তরবঙ্গে এইমুহুর্তে স্বস্তির বৃষ্টির আরাম পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভোটের আবহে বাংলার আকাশে এখন দুই বিপরীত ছবি। এমতাবস্থায় প্রশ্ন উঠছে যে আগামীকালও কেমন থাকবে আবহাওয়া। এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ব্যাপক গরম পড়বে। ৪০ ডিগ্রি বা তার বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। গরম এবং অস্বস্তি চরমে উঠবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে এই গরমের মাঝেই আগামীকাল স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী জেলাগুলোয়। হাওয়া অফিস বলছে, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য গরম এখনই কমবে না।
আরও পড়ুন: সহজে মিলবে টিকিট! কলকাতা থেকে বৈষ্ণোদেবী যাওয়া ভক্তদের জন্য বড় ঘোষণা রেলের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ভয়ংকর গরম থাকলেও সম্পূর্ণ উল্টো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উপরের জেলাগুলিতে। এছাড়াও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে।










