সহেলি মিত্র, কলকাতাঃ দক্ষিণবঙ্গবাসী সাবধান! ধেয়ে আসছে তুমুল কালবৈশাখী, বৃষ্টি। আজ বুধবার কলকাতা সহ বাংলার জেলায় জেলায় কালবৈশাখীর চোখরাঙানি, বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জায়গায় জায়গায় হতে পারে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি। সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। এদিকে আজ রয়েছে বিধানসভা ভোটের দ্বিতীয় দফার নির্বাচন। তবে আবহাওয়া মোটেই ভালো থাকবে না। ভোটের লাইনে দাঁড়িয়ে হয়তো বৃষ্টিতে ভিজতে হতে পারে। চলুন বিশদে জেনে নেওয়া যাক আবহাওয়া সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ বুধবার সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ থেকে কলকাতার সহ বাংলার বেশ কিছু জেলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর জন্য সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টির জন্য অ্যালার্টি জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায়। বাদবাকি জেলাগুলিতেও ৫০ কিলোমিটার বেগে হাওয়া এবং বৃষ্টি চলবে।
আসলে উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পূর্ব-পশ্চিম অক্ষের অক্ষরেখা বর্তমানে উত্তর হরিয়ানা থেকে মণিপুর অবধি বিস্তৃত যা পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত, বাংলাদেশ ও দক্ষিণ অসমের উপর দিয়ে ০.৯ কিমি উচ্চতায় অতিক্রম করছে। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সব মিলিয়ে বাংলায় আপাতত ঝড় বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সেদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি চলতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টি থেকে বঞ্চিত হবে না উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিও।
আরও পড়ুনঃ হরমুজ সঙ্কটের মধ্যে ভারতে জন্য সুখবর, মিলল বিপুল তেল ও গ্যাসের ভাণ্ডার
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবারের কথা বললে, এদিনও বৃষ্টি এবং কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ভারী বৃষ্টিপাতের জন্য সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনও ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এ ছাড়া বাদবাকি জেলাগুলোতেও চলবে বৃষ্টি।










