সোমবার থেকে দুর্যোগ দক্ষিণবঙ্গে, অশনি সঙ্কেত ৭ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ আকাশে কালো মেঘ। বইছে দমকা হাওয়া। যে কোনও মুহুর্তে আকাশ কাঁপিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ সোমবার থেকে বাংলায় নতুন করে আরও দুর্যোগ শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। দুর্যোগের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেতে চলেছে সমগ্র বাংলা। আপনিও কি আজ বাড়ি থেকে বেরনোর প্ল্যান করছেন? তাহলে জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায়। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী এবং শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বাদবাকি জেলাগুলিতেও ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে।

উত্তর পূর্ব ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি উপরের বায়ুস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া পূর্ব ভারতের ওপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১২.৬ কিলোমিটার উচ্চতায় প্রায় ৮০ নট বেগের মূল বায়ু প্রবাহ সহ উপক্রান্তীয় পশ্চিমী জেট স্ট্রিম বজায় রয়েছে। এছাড়া রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখী সঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড়-বৃষ্টি বলে খবর।

আরও পড়ুনঃ সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে সমস্যায় পড়ুয়ারা, বড় পদক্ষেপের পথে সংসদ

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? উত্তরবঙ্গের কথা বললে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। সেই সঙ্গে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টি চলবে বাদ বাকি জেলা গুলিতেও। দক্ষিণবঙ্গের কথা বললে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে নদীয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্যান্য জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।