সহেলি মিত্র, কলকাতাঃ খামখেয়ালিপনা আবহাওয়ায় (Weather Today) বিরক্ত বঙ্গবাসী। সকালে লাগামছাড়া গরম তো দুপুর বা বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামছে। তবে এই বৃষ্টির জেরে যে স্বস্তি মিলছে তা নয়, গরম আরও বাড়ছে। তবে চিন্তা নেই, কারণ আবহাওয়া অফিসের তরফে আজ বৃহস্পতিবার থেকে বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে। ঝেঁপে ঝড় বৃষ্টি চলতে পারে জেলায় জেলায়। আজ কোন কোন জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ বৃহস্পতিবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে কখনও বিক্ষিপ্ত তো আবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল ঝড় জলের ভ্রূকুটি রয়েছে। কালবৈশাখী ঝড় সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। অন্যদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কালবৈশাখী সঙ্গে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও।










