বেরোনোর প্ল্যান? বিকেলেই কলকাতা সহ ৭ জেলায় ঝেঁপে বৃষ্টি, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল থেকেই মেঘলা আকাশ, মৃদু মন্দ হাওয়া বইছে বাংলায়। আকাশ বাতাস যেন জানান দিচ্ছে, যতই গরম পরুর, বৃষ্টি এবার আসন্ন (Rainfall Alert)। দক্ষিণা হাওয়া বইছে কলকাতা (Rainfall Alert) সহ সমগ্র বাংলায়। ফলে ভ্যাপসা গরমের মাঝেও কিছুটা স্বস্তি পাচ্ছেন সকলে। গরম থাকলেও শেষমেষ বিকেল বা সন্ধের দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ মঙ্গলবার থেকে আগামী পাঁচদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে।

বিকেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায়

হাওয়া অফিসের ইঙ্গিত, বিকেল বা সন্ধের মধ্যেই স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণে দিকে দিকে আবহাওয়ার ভোল বদল হতে পারে। চাঁদিফাটা গরমে প্রাণ ওষ্ঠাগত কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গবাসীর। মাঝেমধ্যে কুকুর তাড়ানো বৃষ্টি হলেও মিলছে না স্বস্তি। তবে আজ কলকাতা শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলায়। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে বলে খবর। তবে বুধবার থেকে আমূল বদলে যেতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের কথা বললে বুধবার কালবৈশাখী সঙ্গে তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক মঙ্গলবার সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি সামান্য হলেও এদিন ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া উত্তরবঙ্গে বাদবাকি জেলাগুলিতে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টির দাপট চলতে পারে।