সহেলি মিত্র, কলকাতাঃ দ্রুত বদলাচ্ছে বাংলার আবহাওয়া। দুর্গাপুজো আসতে খুব বেশি দেরি নেই। তার আগেই কখনও ঠান্ডা তো কখনও গুমোট গরমের সাক্ষী থাকছেন বঙ্গবাসী। দিনে গরম, রাতে তুলনামূলক শীতল এমনই আবহাওয়া বিরাজ করছে বাংলায়। এরকম আবহাওয়া দেখে ভাবছেন আর বৃষ্টি হবে না? সেগুড়ে বালি। কারণ আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির (Weather Today) সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী ৬ অক্টোবরের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: মহিলাদের ফ্রি বাস পরিষেবা দিয়ে নাজেহাল! রাজ্যের কাছে ২৫ কোটি চাইল NBSTC
নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে উত্তর মিয়ানমার, সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ, মিজোরাম এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি সু-চিহ্নিত নিম্নচাপের এলাকায় দুর্বল হয়ে গেছে। খুব সম্ভবত এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মিজোরাম, ত্রিপুরা এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশের দিকে চলে যাবে এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে একটি নিম্নচাপের এলাকায় দুর্বল হয়ে যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে বিষয়ে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে দ্রুত বদলাচ্ছে আবহাওয়া, বাংলাসহ একাধিক রাজ্যে ফের দুর্যোগের সম্ভাবনা
আগামীকালের আবহাওয়া
শুক্রবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এদিন বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।










