প্রীতি পোদ্দার, কলকাতা: জুনের শুরুতেই তাপমাত্রা বৃদ্ধিতে গরম ও অস্বস্তি ছড়িয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, দক্ষিণের কোনও জেলাতেই আর তেমন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে আগামী কয়েক দিনে চার ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে। আগামীকালও (Weather Tomorrow) বজায় থাকবে ভরপুর গরম। তবে ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে (North Bengal) পরিস্থিতি থাকবে বিপরীত।
আজও হবে বৃষ্টি
আজ, সোমবার সকাল থেকেই শহরের আকাশে চড়া রোদ দেখা গিয়েছে। যদিও বা মাঝে মধ্যে আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বটে কিন্তু আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে তাপমাত্রা বাড়ার পাশাপাশি ভ্যাপসা গরম বাড়ছে। তবে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। যদিও তাতে লাভের লাভ কিছুই হবে না, আরও বাড়বে ভ্যাপসা গরম। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার এবং রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। রোদের তেজও বেশ বাড়বে, যার ফলে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হারে বাড়বে। গত কয়েক দিনে ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে গিয়েছিল বেশ কয়েক ডিগ্রি সেলসিয়াস। এরপর পরবর্তী চার দিন তাপমাত্রা একই রকম থাকবে, অর্থাৎ গরম কমার কোনও লক্ষণ নেই। কোথাও কোথাও হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও আবহাওয়া ঠান্ডা করার জন্য একেবারেই যথেষ্ট নয়।
আরও পড়ুন: বিনামূল্যে মাসে মিলবে ৩৫ কেজি খাদ্যশস্য, জানুন সরকারের এই প্রকল্পের খুঁটিনাটি
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে এইমুহুর্তে গরম বেশি থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে এক স্নিগ্ধ শীতল আমেজ। আশা করা যাচ্ছে আগামীকাল থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধে ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একটু বাড়বে দার্জিলিং-সহ অপরের পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার থেকে। অর্থাৎ সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে উত্তরবঙ্গে।










