তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় তেড়ে বৃষ্টি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: ঝড়-বৃষ্টির দেখা নেই, তীব্র গরমে কাহিল অবস্থা ৮ থেকে ৮০ সকলের। বর্তমানে তীব্র তাপপ্রবাহের (Heat wave) কবলে পড়েছে রাজ্য। এপ্রিল মাসে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। অনেক জেলায় পারদ ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রখর রোদ, তাপপ্রবাহ এবং শুষ্ক হাওয়া পরিস্থিতিকে আরও যেন দিনে দিনে খারাপ করে তুলেছে। আবহাওয়া দফতরের মতে, অদূর ভবিষ্যতে এই পরিস্থিতি থেকে মুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ। এদিকে আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি কি একেবারেই নেই? কেমন থাকবে আজ বৃহস্পতিবারের আবহাওয়া (Weather Today)? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দক্ষিণবঙ্গে গরম থাকলেও উত্তরবঙ্গে জেলাগুলিতে স্বস্তির বৃষ্টি নামবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? বৃষ্টি কি হবে? আবহাওয়া অফিস জানিয়েছে এদিন বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়্গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। গরম এবং আদ্রতায় ভরা আবহাওয়ার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়।

আরও পড়ুনঃ মুছে গিয়েছিল ৪% জনসংখ্যা, ১৮৭৬-র থেকেও বড় ধ্বংসযজ্ঞ চালাতে পারে সুপার এল নিনো

উত্তরবঙ্গের কথা বললে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। শনিবার থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  এদিন কালবৈশাখী সঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাগুলিতেও চলবে ব্যাপক বৃষ্টিপাত।