সহেলি মিত্র, কলকাতাঃ একদম কম খরচে বিদেশ ভ্রমণের প্ল্যান করছেন? তাহলে এই শীতে বাসে করে নেপাল পৌঁছে যান। বিশেষ করে আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং ভ্রমণপিপাসু হয়ে থাকেন, তাহলে এবার সরাসরি নেপালের কাঠমান্ডু যাওয়ার বাস পেয়ে যাবেন। আসলে শিলিগুড়ি থেকে সরাসরি কাঠমান্ডু যাওয়ার বাস (Siliguri Kathmandu Bus) মিলবে।
বিমান ভুলে এবার বাসে চেপেই পৌঁছে যান নেপাল!
বিমানে নয়, সড়কপথে নেপাল ভ্রমণের পরিকল্পনা থাকলে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু যাওয়ার বিলাসবহুল বাস হতে পারে সুবিধাজনক বিকল্প। একটি বিখ্যাত বাস সংস্থার বাস সাধারণত বিকেল ৩টেয় শিলিগুড়ির তেনজিং নরগে বাস টার্মিনাস থেকে ছাড়ে। প্রায় ১৭–১৮ ঘণ্টার যাত্রা শেষে পরের দিন সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে কাঠমান্ডু পৌঁছনোর কথা।
ভাড়া ও রুট কী?
এবার জেনে নেওয়া যাক ভাড়া ও রুট সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, ভাড়া আনুমানিক ২,০০০ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আধশোয়া আসন এবং পথে খাবারের বিরতির সুবিধা রয়েছে। রুটটি হল শিলিগুড়ি–পানিট্যাঙ্কি–মেচি সেতু–কাকরভিটা–ইতাহারি–কাঠমান্ডু। সময়সূচি ও ভাড়া বুকিংয়ের আগে যাচাই করে নিন। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় নাগরিকদের নেপালে যেতে ভিসা লাগে না। তবে সীমান্তে পরিচয় যাচাইয়ের জন্য আসল পাসপোর্ট অথবা নির্বাচন কমিশনের আসল ভোটার পরিচয়পত্র সঙ্গে রাখা সবচেয়ে নিরাপদ।
আরও পড়ুনঃ মাত্র ১ টাকায় আনলিমিটেড কল, মিলবে 24GB ডেটা ও ফ্রি সিম, দারুণ অফার BSNL-র
আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স বা ডিজিটাল কপির উপর একমাত্র ভরসা করবেন না। শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয় আসল পরিচয়পত্র ও বয়সের প্রমাণপত্র রাখুন। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ভারত ও নেপালের অভিবাসন সংক্রান্ত নিয়ম আলাদা, তাই যাত্রার আগে সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা দেখে নেওয়া জরুরি। ভারতীয় ও নেপালি মুদ্রার নির্ধারিত বিনিময় হার ১০০ = ১৬০ নেপালি রুপি। তবে ভারতীয় নোট ব্যবহারের নিয়ম ও সীমা সম্পর্কে সর্বশেষ নির্দেশিকা যাচাই করে নিন। কাঠমান্ডুর অনেক বড় হোটেল, রেস্তোরাঁ ও দোকানে UPI পেমেন্টের সুবিধা থাকলেও ছোট দোকান বা প্রত্যন্ত এলাকায় নগদ টাকা প্রয়োজন হতে পারে।










