বিকেলেই কলকাতা সহ ৭ জেলায় ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি, আবহাওয়ার খবর

Published:

সহেলি মিত্র, কলকাতা: অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। আজ ছুটির দিন সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সেই সঙ্গে গুমোট এবং ভ্যাপসা গরমও রয়েছে। তবে কিছু কিছু জায়গায় ইতিমধ্যে কয়েক পশলা বৃষ্টি (Weather Update) হয়ে গিয়েছে।  ভাবছেন বৃষ্টির দাপট কি শেষ তাহলে? ভুল ভাবছেন, কারণ দুপুর থেকে বিকেলের মধ্যে নতুন করে কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির জারি করা হয়েছে। আপনারা যদি আজ বিকেলের দিকে বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে বেরোনোর আগে অবশ্যই জেনে নিন আবহাওয়ার আপডেট সম্পর্কে।

কয়েক ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

হাওয়া অফিসে তরফে জানানো হয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে জেলায় জেলায় মুষলধারে ঝড় বৃষ্টির (Rainfall Alert)  সম্ভাবনা রয়েছে, সঙ্গী হবে মুহুর্মুহু বজ্রপাত। মূলত শক্তিশালী গভীর মৃত্যুঞ্জয়ের কারণে আগামী কয়েক ঘন্টার মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি তো কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। কোথাও কোথাও মুষলধারে বৃষ্টির কারণে সাময়িক হলেও জল জমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে ব্যাহত হতে পারে স্বাভাবিক জনজীবন। মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, শাহজাহানপুর, বস্তি ও মুজাফ্ফরপুরের ওপর দিয়ে অতিক্রম করে সেখান থেকে পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে মণিপুরের দিকে বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর অবস্থানকারী ঊর্ধ্ব ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে উত্তর বিহার থেকে উত্তর বাংলাদেশের সংলগ্ন এলাকার ওপর অবস্থানকারী একটি ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর-পশ্চিম বিহারের সংলগ্ন এলাকার ওপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলা অর্থাৎ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।