সহেলি মিত্র, কলকাতা: সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। তবে কি বৃহস্পতিবার বৃষ্টি হবে? উঠছে প্রশ্ন। এই মুহূর্তে ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস সূত্রে খবর, স্থানবিশেষে মেঘ ঘনীভূত হলে কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত (Weather Today) হতে পারে। তবে অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। যদিও মাসের শেষের দিকে বাংলায় তেড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভিজবে কলকাতা সহ একাধিক জেলা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আজ একাদশীতে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি। বিকেলের দিকে কোথাও কোথাও আংশিক মেঘ দেখা যেতে পারে। তবে তাতে বৃষ্টির আশঙ্কা নেই। যদিও ২৭ অক্টোবর থেকে নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে বলে পূর্বাভাস।
থাইল্যান্ড উপসাগর এবং সংলগ্ন থাইল্যান্ড ও মায়ানমার অঞ্চলের উপর অবস্থিত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে বজায় রয়েছে। এটি আজকের মধ্যে উত্তর আন্দামান সাগরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এরপর এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ২৩শে অক্টোবর, ২০২৬ নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরার উপর অবস্থিত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় অবস্থান করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক বুধবার উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
আগামীকালের আবহাওয়া
শুক্রবারও সমগ্র বাংলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে বলে খবর। যদিও ২৭ অক্টোবর থেকে বাংলার আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি।










