ফলতা কাণ্ডে উত্তাল রাজনীতি! অজয় পাল শর্মার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা

Published:

Ajay Pal Sharma

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ, বুধবার বঙ্গে শুরু দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। সাত জেলার মোট ১৪২টি আসনে চলছে ভোটগ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে কড়া নির্বাচন কমিশন (Election Commission Of India)। এমতাবস্থায় ভোটের ২৪ ঘণ্টা আগে ১৪২টি কেন্দ্রের মধ্যে হঠাৎ খবরের শিরোনামে উঠে এল দক্ষিণ ২৪ পরগনার ফলতা (Falta)। হাইকোর্টের পর দাবাং পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মার (Ajay Pal Sharma) বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হল মামলা। দ্রুত শুনানির আর্জি মামলাকারীর। তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হল রাজ্যের শাসক ও বিরোধী দলের মধ্যে।

তুমুল বিতর্ক উত্তরপ্রদেশের সিংঘমকে নিয়ে

রিপোর্ট মোতাবেক, উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মাকে কমিশনের তরফে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়। আর দায়িত্ব পেয়েই সোমবার ফলতার তৃণমূল নেতা তথা প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে কার্যত সতর্ক করতে শোনা যায় তাঁকে। জাহাঙ্গির যেন ভোটারদের ধমক না দেয়, সে ব্যাপারে সতর্ক করা হয় তাঁর পরিবারকে। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। আর তারপরেই শাসকদলের তরফে একের পর এক অভিযোগ উঠে আসে। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে, মঙ্গলবার হাইকোর্টে উঠেছিল মামলা। যদিও সেটি ধোপে টেকেনি।

হস্তক্ষেপ করল না হাইকোর্ট

হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে IPS অফিসার অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলাটি উঠলে গতকালই আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, আজ ২৯ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের দিন পর্যন্ত যারা নির্বাচনের দ্বায়িত্বে আছে, তাদের কারও কাজে হস্তক্ষেপ করা হবে না। এছাড়া মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শুনানি হয়নি এদিন। এখানেই থেমে থাকেনি অভিযোগ। এরপরই গতকাল উত্তরপ্রদেশের সিংঘমের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয় অভিযোগ।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের

রিপোর্ট অনুযায়ী, IPS অজয় পাল শর্মাকে বাংলা থেকে সরাতে সুপ্রিম কোর্টে দায়ের করা হয় মামলা। গতকাল, মঙ্গলবার আদিত্য দাস নামে এক ব্যক্তি রিট পিটিশন দাখিল করেছিলেন। সেখানে তাঁর অভিযোগ, অজয় দায়িত্ব গ্রহণের পর তিনি প্রার্থীদের ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। এর ফলে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। মামলাটির দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছেন মামলকারী। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, বাড়িতে ঢুকে যাওয়ার অভিযোগ তুলে ফলতা থানার দ্বারস্থ হয়েছেন মোনালিসা পাত্র দাস নামে এক মহিলা। সেখানেও অজয় পাল শর্মার নাম উঠে আসছে। কারণ এসব নাকি তাঁরই তত্ত্বাবধানে সংগঠিত হয়েছে।

ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, জাহাঙ্গির কিংবা তাঁর লোকজন ভোটারদের কাউকে ভয় দেখাননি। মিথ্যা অভিযোগ এনে এলাকায় উল্টে ভয় দেখানোর চেষ্টা চলছে পুলিশ পর্যবেক্ষকের তরফে। মঙ্গলবার সকালে তৃণমূলের তরফে দু’টি ভিডিয়ো ক্লিপ সামনে এনে নতুন করে নিশানা করা হয়েছিল এই IPS অফিসারকে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি India Hood। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ডান্স গার্লদের সঙ্গে নাচের দৃশ্যে দেখা গিয়েছে অজয়কে। যা পোস্ট করেন খোদ তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। আর তাতেই কংগ্রেস, সমাজবাদী পার্টি, আপ-সহ বহু বিরোধী দলের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অফিসার।

কী বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক?

শাসকদলের তর্ক বিতর্কের মাঝে IPS অজয় পাল শর্মার পাশে দাঁড়িয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি জানিয়েছেন, “ উনি কমিশনের নির্দেশ মেনেই কাজ করছেন। কমিশনের অনুমতি ছাড়া কোনও অ্যাকশন হবেও না। তবে গোলমাল হলে অথবা নির্দিষ্ট অভিযোগ এলে তো অনুমতি দিতেই হবে। উনি কোনও বিধিভঙ্গ এখনও করেননি।” অন্যদিকে IPS অজয়ের বিরুদ্ধে পদক্ষেপের পরিবর্তে তাঁকে সহযোগিতা না-করার অভিযোগে এ দিনই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফলতার যুগ্ম বিডিও সৌরভ হাজরাকে। বর্তমানে তাঁকে পুরুলিয়ায় ডিউটিতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিনিয়োগ করলেই পাবেন ২৩০% রিটার্ন! সরকারি গোল্ড বন্ড দিচ্ছে আয়ের সুবর্ণ সুযোগ

প্রসঙ্গত, সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে হুঁশিয়ারি দেওয়ার পর গতকাল সকালেও ফলতা বিধানসভার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করেন IPS অজয়। সেখানকার কামারডাঙা খানপাড়া এলাকায় জাহাঙ্গিরের দলীয় কার্যালয়ের পাশের এলাকায় গিয়ে যাঁরা গোলমাল পাকাতে পারেন, তাঁদের একটি সম্ভাব্য তালিকা নিয়ে খোঁজখবর করা হয়েছিল। অভিযোগ সেই সময় নাকি অজয়ের কনভয়ের সামনেই জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়।