নিয়োগ দুর্নীতি মামলায় সকাল সকাল ED-র দপ্তরে হাজির হলেন অভিষেক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই এক দন্ড শান্তিতে বসতে পারছেন না তৎকালীন সরকারের আমলে রাজ্যের যুবরাজ হিসেবে পরিচিত হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকালে ED, রাতে CID! তদন্তকারীদের নির্দেশে কার্যত চরকির মতো ঘুরতে হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে। সোমবার সকাল হতেই তাঁকে নোটিস দিয়ে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতোই সকাল সকাল সাড়ে 10 টার কিছু সময় আগে কালীঘাটের বাড়ি থেকে রওনা হয়ে নির্ধারিত সময়ের মধ্যে সিজিও কমপ্লেক্সে ঢুকলেন তৃণমূল সাংসদ। এই মুহূর্তে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ডাকা হয়েছে তাঁকে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় অভিষেকের সংস্থার

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাজ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম জড়িয়ে ছিল এই দুর্নীতিতে। একবার নয়, বরং বহুবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে অভিষেকের সংস্থার যোগ পায় ED।

ED আধিকারিকদের অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের সংস্থায় কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। শুধু তাই নয়, এই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির। যদিও এমন সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

অবশ্যই পড়ুন: এবার বন্দে ভারতে করে দিঘা! মেদিনীপুরে রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, সম্প্রতি সই জাল কাণ্ডে সিআইডি দপ্তর অর্থাৎ ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই একই ঘটনায় তদন্তের স্বার্থে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফের হাজিরা দিতে হবে তাঁকে। ঠিক তার আগে সপ্তাহের শুরুতেই নিয়োগ দুর্নীতি মামলায় ED-র দপ্তরে অভিষেক। বলে রাখা প্রয়োজন, এই মামলায় তৃণমূল সাংসদের কোনও রক্ষাকবচ নেই।