সৌভিক মুখার্জী, কলকাতা: ক্ষমতার হাতবদল হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়কের নিরাপত্তায় কাটছাঁট করেছে সরকার। অভিষেকের হরিশ মুখার্জী রোডের শান্তিনিকেতন বাড়ির সামনে থেকে প্রথমেই পুলিশি নিরাপত্তা সরিয়েছিল প্রশাসন। এবার ফের নিরাপত্তা নিয়ে বড়সড় রদবদল। শান্তিনিকেতনের সামনে থেকে সরিয়ে দেওয়া হল পুলিশ কিয়স্ক। তাঁর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের জন্যই এই কিয়স্ক তৈরি করা হয়েছিল। তবে হঠাৎ কী কারণে সরানো হল তা জানায়নি কলকাতা পুলিশ।
অভিষেকের নিরাপত্তায় ফের কাটছাঁট
প্রথমেই অভিষেকের বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছিল পুলিশি নিরাপত্তার সঙ্গে যুক্ত স্ক্যানার। এমনকি তাঁর জেড প্লাস সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। নিরাপত্তা সংক্রান্ত আরও বেশ কিছু পরিকাঠামো সরানো হয় তৃণমূল সাংসদের বাড়ি থেকে। নবান্নের দাবি, অভিষেকের বাড়িতে যে ধরনের স্ক্যানার ব্যবহার করা হত, সেগুলি বিমানবন্দর, বড় বড় রেলস্টেশন কিংবা গুরুত্বপূর্ণ কোনও প্রতিষ্ঠানের প্রবেশপথেই দেখা যায়। তবে ক্ষমতার অপব্যবহার করেই বাড়তি নিরাপত্তার সুবিধা উপভোগ করতেন তৃণমূল সাংসদ।
সেই সূত্র ধরেই এদিন অভিষেকের হরিশ মুখার্জী রোডের বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হল পুলিশ কিয়স্ক। যদিও গত মে মাসে হরিশ মুখার্জী রোডের বাড়িসহ অভিষেকের একাধিক ঠিকানার বাইরে মোতায়েন থাকা অতিরিক্ত পুলিশ, স্ক্যানার সরিয়ে দেওয়া হয়েছিল। তার পরপরই তৃণমূল সাংসদের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। একজন সাংসদ হিসেবে তাঁর যেটুকু নিরাপত্তা প্রাপ্য, সেটুকুই বরাদ্দ করে সরকার। তবে আজ হরিশ মুখার্জী রোডের বাড়ি থেকে কেন কিয়স্ক সরানো হল তা জানা যায়নি।
আরও পড়ুন: “বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না” শ্রীরামপুরের সভার আগেই কালীঘাটে দাঁড়িয়ে বিস্ফোরক মমতা
বলাবাহুল্য, এবারের নির্বাচনে ভরাডুবির পর কয়লা পাচার থেকে শুরু করে বালি পাচার, নিয়োগ দুর্নীতি, ক্যামাক স্ট্রিট দুর্নীতিসহ একাধিক অভিযোগে বিভিন্ন থানায় অভিষেকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। বেশ কয়েকটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেও গ্রেফতারির আশঙ্কায় দিন কাটছে তাঁর। এমনকি দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়েই সম্প্রতি তিনি বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করিয়ে ফিরেছেন। নির্বাচনে ভরাডুবির পর কার্যত শিরে সংক্রান্তি অবস্থা তৃণমূলের যুবরাজের। আর এবার সেই তালিকায় যুক্ত হল পুলিশ কিয়স্ক অপসারণ।










