বামেদের পাল্টা বিজেপি, ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

Published:

Kolkata

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকালই বামেরা কলকাতার (Kolkata) অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং গেরুয়া থেকে সাদা করে। এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে হয় এই রংবদল। তবে রাত কাটতে না কাটতেই ফের সাদা থেকে গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার। এমনকি সেখানে উপস্থিত ছিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে বিজেপির অন্যান্য কর্মীরা। এমনকি ‘জয় শ্রীরাম’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দিতে দেখা যায় বিজেপি কর্মীদের।

ফের সাদা থেকে গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

রাজ্যে সরকারের পালাবদল হতেই নবান্ন থেকে শুরু করে একাধিক সরকারি ভবন গেরুয়াময় হয়ে ওঠে। তবে গত জুলাই মাসের ১২ তারিখ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং বদলে গেরুয়া করা হয়। বিজেপি কর্মীদের দাবি, স্বামী বিবেকানন্দের ঐতিহ্য রক্ষার্থেই গেরুয়া। তবে গতকাল বামেদের সমর্থনে নাট্য কর্মীরা সেই রং ফের সাদা করে দেয়। তবে আজই আবার সাদা থেকে গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। ‘জয় শ্রীরাম’ শ্লোগানের মাধ্যমেই হয় এই রংবদল।

এদিন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষকে বলতে শোনা যায়, “এই যে টিকিট কাউন্টারের রং গেরুয়া এবং চকলেট। বামেরা ঠিক করেছিল যে কলকে পেতে বিভিন্ন জায়গায় যাবে। এই অ্যাকাডেমির চত্বরটাকে একমাস আগেও লাল ঝাণ্ডা দিয়ে ভরিয়ে রেখেছিল। এমনকি এখানে ওয়ার্কিং কমিটির ট্রাস্টি বোর্ডকে জ্বালিয়ে পুড়িয়ে মারছিল। দুর্নীতি চলছে। কিন্তু এতে বামেদের কোনও সমস্যা নেই। যে রং ছিল, সেই রংই হবে।”

আরও পড়ুন: তেলে বসল অনাথ-বিধবা কর, আরও দামি হল পেট্রোল-ডিজেল

যদিও রাজ্যের সরকারের পালাবদলের পর যখন এখানকার রং বদলে গেরুয়া করা হয় তখন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, “যারা করেছে তারা অন্যায় করেছে। ভুল করেছে। রং বদলের রাজনীতি বিজেপি করে না। যেখানে সেখানে রং করে দেওয়া, এটা বিজেপির কালচারের মধ্যে নেই।” যদিও পরে নাট্যকর্মীরা শমীক ভট্টাচার্যকে চিঠি পাঠিয়েছিলেন। এমনকি তিনি আশ্বাস দিয়েছিলেন রং বদলানো হবে। তবে সময় মতো রং পরিবর্তন না করায় গতকাল নাট্যকর্মীরা সিপিআইএমের সমর্থনে গেরুয়া থেকে সাদা করে দেয়। তবে আজ ফের সাদা থেকে গেরুয়া হল বিজেপির সমর্থনে।