রেশন দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে ED, হাবড়ার চাল ব্যবসায়ীরার বাড়িতে হানা

Published:

ED Raids

প্রীতি পোদ্দার, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে রাজ্য ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)। রেশন দুর্নীতি মামলায় আজ, শনিবার সাতসকালে হাবড়ার (Habra) একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে (ED Raids) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জোরকদমে চলছে চিরুনি তল্লাশি। চারিপাশে কড়া পাহাড়ায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের মুখে এই তদন্তকে ঘিরে তুমুল হইচই পড়ে গিয়েছে এলাকাজুড়ে।

সাতসকালে ED হানা

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ শনিবার, উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক জায়গায় একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। ভোরেই কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে ইডি–র একাধিক দল রওনা দিয়েছিল। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, হাবড়ার তিন চাল ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। তাঁদের মধ্যে দুইজন হলেন সমীর চন্দ এবং সাগর সাহা। জিজ্ঞাসাবাদ করছে ইডি। অভিযোগ এই দুই ব্যবসায়ীর মাধ্যমে প্রচুর পরিমাণে গম বাংলাদেশ পাচার হয়েছিল। এবং বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছিল।

নিরাপত্তার দায়িত্বে রয়েছেন জওয়ানরা

গত মার্চ মাসের শেষ দিকে হাবড়ার চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি ও অভিযান চালিয়েছিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছিল। আজও সেই তথ্যের ভিত্তিতে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, আজ ব্যবসায়ীদের বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ তাঁদের অপেক্ষা করতে হয়েছিল। দাবি, অনেক ডাকাডাকির পরেও সাড়া মেলেনি। দীর্ঘক্ষণ পর দরজা খোলা হয় এবং ইডি আধিকারিকরা ভিতরে প্রবেশ করে তল্লাশি অভিযান শুরু করেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আপাতত তথ্য উদ্ধারের কোনো আপডেট পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিলি করতেন পেপার, আজ ৩ কোটির ব্যবসার মালিক! কলকাতার ২ যুবকের গল্প প্রেরণা দেবে

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আবহে গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন মামলা নিয়ে ED সক্রিয় হয়ে উঠেছে। কখনও বাড়ি বা অফিসে গিয়ে তল্লাশি চলছে, কখনও আবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের। তলব করা হচ্ছে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকেও। যা নিয়ে কটাক্ষ করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ, ইচ্ছে করে ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলকে বিব্রত করতে চাইছে বিজেপি। আর এবার জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকার চাল ব্যবসায়ীরা ইডি-র নজরে এল।