প্রীতি পোদ্দার, কলকাতা: পড়ুয়া রয়েছে মাত্র হাতে গোনা, তাই ফের মাদ্রাসা নিয়ে আরও কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal Madrasas)। জানা গিয়েছে, চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়ার পর ডিসেম্বরেই পড়ুয়াহীন এবং পরিকাঠামোহীন প্রায় ৩০০-র কাছাকাছি মাদ্রাসা বন্ধ করে দিতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। পাশাপাশি যে ১০০টি মাদ্রাসাকে ‘শোকজ’ করা হয়েছে (Madrasa show cause notice), পুজোর আগেই তাদের শোকজের জবাব দিতে হবে বলেও জানানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে সেই তালিকা থেকেও আরও বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধের মুখে পড়তে পারে।
কেন ডিসেম্বরেই বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান?
প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যে খারিজি মাদ্রাসাকে যেমন রাখতে দেওয়া হবে না, তেমনই সরকারি স্বীকৃত বেসরকারি মাদ্রাসার পরিকাঠামো না থাকলে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু মাঝপথে যাতে পড়ুয়াদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে তার জন্য চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত মাঝপথে কোনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে না বলে জানানো হয়েছে। অর্থাৎ, যে প্রতিষ্ঠানগুলিতে হাতেগোনা ছাত্রছাত্রী রয়েছে, তাঁদের শিক্ষাবর্ষ শেষ করার সুযোগ দেওয়া হবে। এর পর নতুন করে ভর্তি বন্ধ করে ধাপে ধাপে ওই প্রতিষ্ঠানগুলি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
১০০ মাদ্রাসাকে শোকজ নোটিস
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যে ২৫২টি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মাদ্রাসাগুলি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে অবস্থিত। এ ছাড়াও নানা ধরনের গুরুতর অসঙ্গতির অভিযোগ থাকায় আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। জানা গিয়েছে পুজোর আগেই তাদের শোকজের জবাব দিতে হবে। আর জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আশঙ্কা করা হচ্ছে আরও ৫০টিরও বেশি মাদ্রাসা বন্ধ হতে পারে। সব মিলিয়ে ৩০০ মাদ্রাসা ডিসেম্বরে বন্ধ হবে।
STORY | Bengal govt to close down 250 madrasas due to lack of students, infrastructure
The West Bengal cabinet has taken an in-principle decision to gradually shut down 250 government-recognised private madrasas, most of which have very low or negligible student enrolment and… pic.twitter.com/F6w3sJ7NQO
— Press Trust of India (@PTI_News) September 24, 2026
আরও পড়ুন: বাসি মাংসের অভিযোগ করতেই ঘাটালে ক্রেতাকে মারধর, পথ অবরোধ স্থানীয়দের
রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু মাদ্রাসা বন্ধের প্রসঙ্গে জানিয়েছেন যে, “ডিসেম্বর মাসে শিক্ষাদপ্তরের সেশন শেষ হয়। তারপরই রাজ্য সরকার এই মাদ্রাসাগুলি বন্ধ করার নোটিস দেবে। কারণ নামমাত্র ছাত্র এই মাদ্রাসাগুলিতে রয়েছে। কিছুদিন আগেই অফিসাররাই রাজ্যের মাদ্রাসাগুলি নিয়ে সমীক্ষা করেছিলেন। পুনরায় সমীক্ষা করা হবে। পড়ুয়াদের আধুনিক ও মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করাই সরকারের লক্ষ্য।” এখন দেখার শোকজ পাওয়া মাদ্রাসাগুলির জবাব কী পাওয়া যায়।










