অন্নপূর্ণা যোজনা ও বার্ধক্য ভাতা নিয়ে বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ওইদিন রাজ্যজুড়ে পালিত হবে অন্নপূর্ণা দিবস। অন্যদিকে গত ৭ সেপ্টেম্বর থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার ১৫০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। এই মাস থেকেই কার্যকর হয়েছে বর্ধিত হারে ভাতা। তবে এখন রাজ্যের সাধারণ মানুষের মনে প্রশ্ন, নতুন করে অন্নপূর্ণা যোজনা বা বার্ধক্য ভাতায় কি আবেদন করা যাবে?

অন্নপূর্ণা যোজনা এবং বার্ধক্য ভাতা নিয়ে বড় আপডেট

অন্নপূর্ণা যোজনায় আবেদন শুরু হয়েছিল জুন মাসের ১ তারিখ থেকে এবং আবেদন চলে ৩১ জুলাই পর্যন্ত। আগের মাসে ১ কোটি ৪৬ লক্ষ মহিলার আবেদন ভেরিফাই করে ৩০০০ টাকা করে পাঠানো হয়েছিল। দ্বিতীয় সপ্তাহ থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা থাকলেও তা ১৭ তারিখ থেকে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে রাজ্য সরকারের তরফ থেকে আগেই আশ্বাস দেওয়া হয়েছিল, যাদের আবেদন বাতিল হয়েছে বা যারা আবেদন করতে পারেননি, তারা পুনরায় আবেদন করতে পারবেন। কিন্তু কবে পোর্টাল খোলা হবে বা আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে গত ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে বর্ধিত হারে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা এখনও অন্নপূর্ণা যোজনায় নাম তোলেননি বা অন্যান্য সরকারি প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য কিন্তু আবেদন করতে পারেননি, তারা ফের সুযোগ পাবেন। আগামী নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। তখন অন্নপূর্ণা যোজনাসহ অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করা যাবে। তবে অনলাইনে কবে আবেদন শুরু হবে সে বিষয়ে জানানো হয়নি।

আরও পড়ুন: ছিল প্রচুর বোমা মজুত! বারুইপুরে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি

মুখ্যমন্ত্রীর কথায়, “আপনি যদি মনে করেন যে আরও উপযুক্ত প্রাপক রয়েছে, তাদেরকে আমাদের সরকার আপনাদের পাশে থেকে ফোন কল করে নাম লেখাবে। নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ মাননীয় মুখ্য সচিব ঠিক করবেন, আমরা গ্রাম পঞ্চায়েত স্তরে এবং ওয়ার্ড স্তরে দুই দিনের জনকল্যাণ শিবির করব। সেখানে নতুন করে আমরা আবেদন নেব। আর সেই আবেদনের ভিত্তিতে আগামী দিনে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে রয়েছেন, বিশেষ করে ওল্ড এজ পেনশন বা অন্নপূর্ণা যোজনার জন্য রাজনৈতিক কারণে বা অন্য কারণে বঞ্চিত হয়েছেন, তাদেরকে পরবর্তী সময়ে যুক্ত করব।”