আনিষা চৌধুরী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পের সুবিধা পেতে গিয়ে অনেকেরই প্রশ্ন উঠছে, একই বাড়িতে একাধিক রান্নাঘর বা আলাদা উনুন থাকলে কি সেটিকে পৃথক পরিবার হিসেবে ধরা হবে? তবে কি পাওয়া যাবে না অন্নপূর্ণার টাকা? বিশেষ করে একই বাড়ির আলাদা অংশে বসবাস করা পরিবারগুলির ক্ষেত্রে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। শুধু আলাদা রান্নাঘর বা উনুন থাকলেই যে পৃথক পরিবার হিসেবে স্বীকৃতি পাওয়া যাবে, এমনটা কিন্তু নয়। পরিবারের পরিচয় নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনের নির্দিষ্ট নিয়ম এবং তথ্য যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ।
শুধু আলাদা রান্নাঘর থাকাই যথেষ্ট নয়
সরকার তথ্য সংগ্রহের ফর্মে পরিবারের সংজ্ঞা নির্ধারণের জন্য বেশ কিছু বিষয় বিবেচনার কথা বলেছে। একই বাড়িতে আলাদা উনুন থাকলেও পরিবারের সদস্যরা কীভাবে বসবাস করছেন, রান্না ও খাওয়ার ব্যবস্থা কীভাবে চলছে এবং তাঁদের পারিবারিক ব্যবস্থাপনা আলাদা কি না, সেগুলিও দেখা হবে। তাই একই ছাদের নিচে দুটি রান্নাঘর রয়েছে বলেই দু’টি আলাদা পরিবার হিসেবে আবেদন করা যাবে এমন নিয়ম নেই।
পরিবারের তথ্য ও রেশন কার্ডের হিসাবও গুরুত্বপূর্ণ
অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে পরিবারের প্রধান, সদস্য সংখ্যা এবং ডিজিটাল রেশন কার্ডের Household ID-সহ প্রয়োজনীয় তথ্য দেওয়ার নিয়ম রয়েছে। একই ব্যক্তিকে একাধিক পরিবারের সদস্য হিসেবে দেখানোর সুযোগ নেই। ফলে পরিবারের সদস্যদের তথ্য, রেশন কার্ড এবং বাস্তবে বসবাসের পরিস্থিতির মধ্যে মিল থাকা জরুরি। সত্যিই যদি দুটি পরিবার আলাদাভাবে সংসার চালায়, রান্না ও খাওয়ার ব্যবস্থাও পৃথক হয়, সেক্ষেত্রে প্রশাসনিক যাচাইয়ের মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে।
আরও পড়ুন: রেস্তোরাঁ স্টাইলে বাড়িতে বানান পালং পনির, রইল পদ্ধতি
পরিবার আলাদা হিসেবে বিবেচিত হলেও টাকা পাওয়ার ক্ষেত্রে আরও অনেকগুলো শর্ত মেনে চলতে হবে। অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট মহিলাকে প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্তগুলি পূরণ করতে হবে। ২৫ থেকে ৬০ বছর বয়স, সরকারি চাকরি বা আয়করদাতা হওয়ার মতো শর্তগুলিও যাচাই করা হবে। তাই আবেদন করার আগে নিজের পরিবারের প্রকৃত পরিস্থিতি অনুযায়ী সঠিক তথ্য দেওয়া গুরুত্বপূর্ণ। নইলে টাকা পাওয়া যাবে না।










