প্রীতি পোদ্দার, কলকাতা: ব্রেকিং নিউজ, জলপাইগুড়িতে (Jalpaiguri) বৃহন্নলা কুঠিতে অভিযান চালিয়ে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ বাংলাদেশের সিম কার্ড (Bangladesh SIM Cards)। বৃহস্পতিবার BSF ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় ওই কুঠির গুরুমা পিপাসা হিজরাকে (Jalpaiguri Hijra Arrest)। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে বেশ কয়েকটি বাংলাদেশের বার্থ সার্টিফিকেটও উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়।
বৃহন্নলাদের বিরুদ্ধে অভিযোগ
সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার অন্তর্গত উত্তর রায়কত পাড়া এলাকায় প্রথমে একটি বাড়িতে ভাড়া হিসেবে বসবাস শুরু করেছিল বৃহন্নলরা। যদিও পরে সেই বাড়ি কিনে নেওয়ার পাশাপাশি গত কয়েক বছরে আশপাশের একাধিক জমির মালিক হয়ে গিয়েছেন এই বৃহন্নলারা। এত অল্প সময়ে এত টাকা পয়সা এল কীভাবে সেই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন তৈরি হয়েছিল। সন্দেহ বাড়তে থাকায় অভিযোগ ওঠে, শেষে ওই অভিযোগের ভিত্তিতেই গতকাল, বৃহস্পতিবার, ভোর থেকে জলপাইগুড়ির উত্তর রায়কত পাড়ায় বৃহন্নলা কুঠিতে গোপন খবর পেয়ে যৌথ অভিযান শুরু করেছিল BSF ও পুলিশ।
উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বাংলাদেশী সিম
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে বাড়ি ও তারপর আশপাশের এলাকা ঘিরে ফেলে বিএসএফ কর্মীরা। শেষে টানা ৯ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর সকালে বৃহন্নলা গুরুমা পিপাসা হিজরাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে চোখ ধাঁধানো জিনিস যার মধ্যে ছিল দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি বাংলাদেশের সিম কার্ড ও বাংলাদেশের বার্থ সার্টিফিকেট। অভিযোগ অভিযুক্ত নাকি জলপাইগুড়িতে বসে বাংলাদেশি সিম ব্যবহার করে নিয়মিত বাংলাদেশ এবং পাকিস্তানে ফোন করত। কিছুদিন আগেই নাকি প্রায় ৩৫ জন বাংলাদেশি বৃহন্নলাদের এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তারা কোথায় গেল, তদন্ত করে জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: এক সপ্তাহ পিছল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা, নয়া সূচি জারি WBCHSE-র
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পিপাসা হিজরা নাকি পাকিস্থানে গিয়েছিল। পুলিশের অনুমান স্থানীয় বৃহন্নলাদের সঙ্গে বিদেশি যোগসূত্র রয়েছে। তাই পিপাসা হিজরাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে উঠে আসা একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করছেন পিপাসা হিজরা। তাঁর দাবি পুরনো শত্রুতার জন্য এইরকম অভিযোগ নিয়ে আসা হচ্ছে।










