প্রীতি পোদ্দার, কলকাতা: উপনির্বাচনের জন্য এবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার (HS Exam 2027) দিন বদল। যেহেতু আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন (Election) ঘোষণা করা হয়ে গিয়েছে, তাই উচ্চমাধ্যমিকের পূর্ব নির্ধারিত সূচি বদল করা হল। ভোটের কারণে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষার দিন বদলের বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
তৃতীয় সেমেস্টারের পরীক্ষার দিন বদল
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, উচ্চমাধ্যমিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫,৬ ও ৭ অক্টোবর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আগামী ৬ অক্টোবর, নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন, তাই বাধ্য হয়ে সেই পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল। নয়া সূচি অনুযায়ী, ৫ অক্টোবরের পরীক্ষা হবে ১২ অক্টোবর, ৬ অক্টোবরের পরীক্ষা হবে ১৩ অক্টোবর, ৭ অক্টোবরের পরীক্ষা হবে ১৪ অক্টোবর। তবে দিন পরিবর্তিত হলেও সময় একই থাকছে। অর্থাৎ বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নির্ধারিত সময়েই পরীক্ষা হবে।

কোন দিন কী পরীক্ষা?
বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ১২ অক্টোবর হবে অঙ্ক, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস, এগ্রিকালচার, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সি ও আরবি বিষয়ের পরীক্ষা। আগামী ১৩ অক্টোবর হবে সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সমাজবিদ্যা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচারের পরীক্ষা। এবং আগামী ১৪ অক্টোবর বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা হবে।
আরও পড়ুন: নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হওয়ার জল্পনা চন্দ্রনাথ রথের মায়ের, মুখ খুললেন হাসি রথ
সংসদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কেবল ওই তিনটি দিনের নির্ধারিত বিষয়ের পরীক্ষাতেই বদল আনা হয়েছে। কিন্তু ২৫ জুনের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিতে অন্যান্য সমস্ত নিয়মাবলি ও নির্ঘণ্ট অপরিবর্তিত থাকবে। অর্থাৎ উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শেষ হচ্ছে দুর্গাপুজোর চতুর্থীতে। অন্যদিকে আগামি ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম এই দুই আসনে ভোটগ্রহণের পর ফল প্রকাশ হবে ৯ অক্টোবর।










