তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চেয়ে চিঠি দেওয়ায় শোকজ, এবার বিস্ফোরক অরূপ

Published:

Aroop Biswas

প্রীতি পোদ্দার, কলকাতা: অভিযোগ তুলতেই শোকজ! তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি দেওয়ার ঘটনায় এবার শোকজের মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এমতাবস্থায় সেই শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন প্রাক্তন মন্ত্রী। তিন পাতার জবাবি চিঠিতে স্পষ্ট জানিয়ে দিলেন যে, দলের কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও তহবিলের অর্থ কোথায় এবং কীভাবে ব্যবহার করা হত কিছুই জানানো হত না।

কী বলছেন অরূপ বিশ্বাস?

চিঠিতে অরূপ বিশ্বাস দাবি করেছিলেন যে, কোনও তথ‍্য না দিয়েই কোন খাতে টাকা খরচ হচ্ছে, কার জন্য টাকা তোলা হচ্ছে কিংবা কোন উদ্দেশ্যে অর্থ ব্যবহার করা হচ্ছে, এসব বিষয়ে তাঁকে কখনও জানানো হত না। অর্থাৎ কোষাধ্যক্ষ হয়েও তিনি জানতে পারেননি, দলের টাকা কোথায় ব্যবহার করা হয়েছে। তাই তিনি দলের আর্থিক লেনদেন সম্পর্কে অন্ধকারেই ছিলেন বলে অভিযোগ করেছেন। এবং এই পরিস্থিতিতেই শেষে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যাঙ্কে চিঠি দিয়েছিলেন বলে শোকজের জবাবে উল্লেখ করেছেন অরূপ বিশ্বাস।

কুণালের প্রতিক্রিয়া

প্রাক্তন মন্ত্রী এবং টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাসকে দলের তরফে শোকজ করে দেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই বেশ জল্পনা বাড়ছে যে তিনি বিক্ষুব্ধদের সঙ্গে যোগ দেবেন কি না। এদিকে এই শোকজের মাঝেই মেসিকাণ্ড নিয়ে অরূপকে একাধিকবার তলব করা হচ্ছিল যদিও এবার তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন তিনি। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এদিন অরূপ বিশ্বাসকে নিয়ে জানিয়েছেন যে, “আমি এটুকু বলতে পারি, অরূপ বিশ্বাসের সঙ্গে দলের কমিউনিকেশন হয়েছে। বাকিটা দলের ভিতরের ব্যাপার। অরূপ বিশ্বাস বলতে পারবেন। দল বলতে পারবে।”

আরও পড়ুন: NEET ক্র্যাক করেও ছেড়ে দেন ডাক্তারি, UPSC ক্লিয়ার করে আজ IAS যশভী

চাপে তৃণমূল

অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন কি না তা জানতে চাওয়া হলে কুণাল ঘোষ বলেন, “অরূপ বিশ্বাস দলের বাইরে গিয়েছে বলে তো খবর পাইনি।” যদিও অরূপ নিজেও শোকজের জবাবে লেখা চিঠিতে বলেছিলেন যে তিনি এখনও দলেই রয়েছেন। অর্থাৎ দলত্যাগের জল্পনায় আপাতত জল ঢালারই চেষ্টা করেছেন তিনি। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে তৃণমূলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক বিতর্ক এবং রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা চলছে। এখন দেখার দল আগামী দিনে অরূপ বিশ্বাসের এই অভিযোগগুলির বিরুদ্ধে কী জবাব দেয়।