প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনে ভরাডুবির পর আরও বিপাকে পড়ল তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)! এবার দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করার আর্জি জানিয়ে ব্যাঙ্কের ম্যানেজারকে চিঠি দিলেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Aroop Biswas)। জানা গিয়েছে, HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় পাঠানো হয়েছে চিঠি। নয়া সংকটের মুখে পড়ল বিরোধী দল তৃণমূল কংগ্রেস।
অ্যাকাউন্ট ‘সিজ’ করার আর্জি অরূপের
গত ৪ মের পর থেকেই রাজ্যে ক্ষমতার রদবদল হতেই একাধিক বিপদের মুখে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। একই দলের হয়েও বিধায়ক এবং সাংসদদের দ্বন্দ্বে চির ধরে গিয়েছে মমতার দলে। কঠিন পরিস্থিতিতে সকলেই দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে। এমতাবস্থায় আরও বিপদে পড়ল তৃণমূল কংগ্রেস। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করার আর্জি আবেদন জানালেন অরূপ বিশ্বাস। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত ১২ জুন, HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখার ম্যানেজারকে চিঠি লিখে জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর অভিযোগ, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন। বিধায়কদের মধ্যেও অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাই কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কেন এই আবেদন?
অরূপ বিশ্বাসের আশঙ্কা, তৃণমূল কংগ্রেসের অন্দরে এই অশান্তির আবহে দলের অফিসে রাখা এবং তাঁর স্বাক্ষর করে রাখা ব্যাঙ্ক চেকগুলির অপব্যবহার হতে পারে। তাই তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাঙ্কের কাছে আবেদন জানিয়েছেন যে দলের সম্পদ ও দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতেই, শীঘ্রই লেনদেন বন্ধ রাখা হোক। অর্থাৎ যতদিন দলের অভ্যন্তরে অশান্তি না কমছে, ততদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করার আবেদন জানিয়েছেন তিনি। এদিকে এই সিদ্ধান্ত নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সমালকদের তরফে প্রশ্ন উঠছে আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেকের পরামর্শক্রমে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস?
আরও পড়ুন: কার্যকর হয়নি ২৫ বছর, সরকারি কাজে আসছে নয়া নিয়ম! নবান্নে যাবে চিঠি
প্রসঙ্গত, অরূপ বিশ্বাসের এই চিঠিতে নতুন সমস্যায় পড়ল কালীঘাট তৃণমূল। এমনিতেই ভোটের পর দল ভেঙে খান খান হয়েছে তার উপর কোটি টাকা তহবিল নিয়েও তৈরি হল নতুন সঙ্কট। এদিকে বিজেপি ক্ষমতায় আসতেই একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন। যদিও কম অভিযোগ ওঠেনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দায়ী করে বিধাননগর কমিশনারেটে ই-মেল করেছে মেসির টিম। এমনকি অরূপ বিশ্বাসের রক্ষাকবচের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন শতদ্রু দত্ত। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে।










