নবান্ন নয়, মহালয়াতে এবার মহাকরণে ফিরছেন শুভেন্দু! সঙ্গী হবেন ৫ মন্ত্রী

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: জল্পনাই এবার বাস্তবের রূপ নিতে চলেছে, নবান্নের (Nabanna) পরিবর্তে এবার রাইটার্স বিল্ডিংস থেকে সরকার পরিচালন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা গিয়েছে, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সচিবালয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি ছয় মন্ত্রীর ঘরের সংস্কার শেষ করার জন্য ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে শুভেন্দু তাঁর ৫ মন্ত্রী সঙ্গী নিয়ে মহালয়াতেই মহাকরণে (Writers’ Building) ফিরবেন।

মহাকরণে শাসন চালাবেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ক্ষমতার রদবদলের পরেই বিজেপির অন্দরে শোনা গিয়েছিল যে নবান্ন থেকে নয়, রাইটার্স থেকেই সরকার পরিচালিত করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু পরে দেখা যায় সেখানে সংস্কারের কাজ শেষ না হওয়ায় বর্তমানে নবান্নতেই বসছেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। কিন্তু এবার সেই সময় এসেছে মহাকরণ থেকে প্রশাসন চালানোর। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ অক্টোবর তথা দেবীপক্ষ শুরুর আগেই মহাকরণে মুখ্যমন্ত্রী-সহ ছয় মন্ত্রীর ঘরের সংস্কার শেষ হয়ে যাবে। শুভেন্দু ছাড়া মন্ত্রীদের তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায় এবং অজয় পোদ্দার।

কী বলছেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার?

মহাকরণের কাজ এখন কোন পর্যায়ে রয়েছে সেটা নিয়ে ইতিমধ্যেই আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। ওই বৈঠকেই আধিকারিকদের দ্রুত সংস্কারের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি বলে জানা গিয়েছে। পূর্তমন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন, ‘মহাকরণে মুখ্যমন্ত্রী ও তাঁর সচিবালয়ের কাজ শেষ করা হয়েছে। আরও ৬ জন মন্ত্রী এবং মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি যাতে সেখানে বসতে পারেন সেটার ব্যবস্থা করা হচ্ছে। আদানি গোষ্ঠী রাইটার্সের সংস্কারের দায়িত্ব নিলেও পূর্তদপ্তর তার অসম্পূর্ণ কাজ ১০ অক্টোবর তারিখের মধ্যে শেষ করবে।’

আরও পড়ুন: স্টিয়ারিংয়ের গুলি খুলে ছুটছিল বাস, বাঁকুড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৫০ যাত্রী

উল্লেখ্য, ২০১৩ সালে মহাকরণ থেকে প্রশাসনিক দপ্তর সরিয়ে নবান্নে নিয়ে যান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই ভবনের সংস্কারের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। সেই মতো সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্কারের কাজ এখনও ৫০ শতাংশও শেষ হয়নি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল বিজেপি। এই প্রসঙ্গে পূর্তমন্ত্রী জানিয়েছেন, “আমি জাতীয়তাবাদী মানুষ। ব্রিটিশদের বিষয়ে আমার কোনও আগ্রহ নেই। তার মানে ইতিহাস ধ্বংস হয়ে যাক সেটাও চাই না। যা আগের সরকার করেছে।”