লাভপুরে বিজেপি প্রার্থীকে মারধর, তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা NIA-র

Published:

West Bengal Election 2026

সৌভিক মুখার্জী, লাভপুর: ভোটের (West Bengal Election 2026) দিন বীরভূমের লাভপুরে বিজেপি প্রার্থীর উপর হামলা (Labpur Assembly Constituency Violence) তথা রণক্ষেত্রের চেহারা নেওয়ার যে অশান্তির ঘটনা ঘটেছিল তা এবার আদালতের দোরগোড়ায় পৌঁছল। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝার উপর আক্রমণ এবং তাঁর নির্বাচনী এজেন্টদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগের ঘটনায় এবার তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।

কী ঘটেছিল ওইদিন?

আসলে বৃহস্পতিবার প্রথম দফার ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ছিল লাভপুর বিধানসভা কেন্দ্রের সাঁইথিয়া ব্লকের ভ্রমরকোল গ্রাম। বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝার অভিযোগ, তিনি বুথে পৌঁছনো মাত্রই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে মারতে শুরু করে। এমনকি চড় থাপ্পড় মারে। তাঁর পরনের জামা ছিঁড়ে দেওয়া হয়, এবং গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনায় প্রার্থীর নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মন্ডলের মাথাও ফাটে। বিজেপির দাবি, এলাকায় বোমাবাজিও করা হয়।

প্রথম দফার ভোট মিটতেই এই অশান্তির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ হস্তক্ষেপের দাবি করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছে। আবেদনকারীর দাবি, যেহেতু এলাকায় বোমাবাজি ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ উঠেছে, তাই জাতীয় নিরাপত্তা ও গুরুত্ব সহকারে তদন্তের প্রয়োজন। এমনকি রাজ্য পুলিশের তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থার দাবি জানানো হয়েছে। আদালত সূত্রের খবর, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুন: ভোটের আবহে কলকাতায় বাইক চলাচলে নিষেধাজ্ঞা! প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি

তবে হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল শিবিরের দাবি, বিজেপি প্রার্থী ভোটের শেষ লগ্নে এলাকায় ঢুকে উস্কানি দিচ্ছিলেন। আর সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত প্রতিরোধের মুখে পড়েই তিনি এরকম ভিত্তিহীন অভিযোগ তুলছেন। এই মামলা কেবলমাত্র সস্তার প্রচার পাওয়ার জন্য।