প্রীতি পোদ্দার, কলকাতা: সবে মিটেছে প্রথম দফার নির্বাচন, তাতেই রাজ্য জুড়ে তৈরি হয়েছে ধুন্ধুমার পরিস্থিতি। গতকাল, ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবার পালা দ্বিতীয় দফার নির্বাচনের (West Bengal Election 2026)। আগামী ২৯ এপ্রিল হবে শেষ দফার এই ভোট। ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। এমতাবস্থায় কলকাতায় বাইক (Bike Rules) নিয়ে যাতায়াতের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। জেনে নিন বিস্তারিত।
বাইক নিয়ে নিষেধাজ্ঞা জারি কলকাতায়
ভোটের আবহে প্রথম দফা নির্বাচনের আগে মোটরবাইকের যাতায়াত নিয়ে গত মঙ্গলবার রাজ্যজুড়ে বিশেষ নির্দেশিকা জারি করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর৷ তাতে বেজায় সমস্যায় পড়েছিল একাধিক সাধারণ মানুষ। আর এবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে কলকাতায় মোটরবাইক ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। জানানো হয়েছে, আগামী ২৭ এপ্রিলের পর থেকে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত কোনও মোটর বাইক র্যালি করা যাবে না৷ এছাড়াও বেশকিছু বিধি-নিষেধ জারি করা হয়েছে।
কলকাতা পুলিশের নির্দেশিকা
কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী ভোটের ২ দিন আগে থেকেই শুরু হবে সাইলেন্ট পিরিয়ড। আগামী ২৭ এপ্রিল, সোমবার থেকে বাইক নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ২৭ এপ্রিলের পর থেকে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত কোনও মোটর বাইক র্যালি করা যাবে না৷ সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটর বাইক ব্যবহার করা যাবে না। অন্যদিকে সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বাইকের পিছনে বসিয়ে কাউকে নিয়ে যাওয়া যাবে না৷ তবে কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না। একনজরে জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
কোন কোন ক্ষেত্রে ছাড়?
কমিশন সূত্রে খবর, অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। এছাড়াও সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য এবং মেডিক্যাল ইমারজেন্সি থাকলে ছাড় দেওয়া হবে। এছাড়াও আই কার্ড দেখালে অফিসযাত্রীদের এবং জরুরি কাজের বাইরে অন্য কোনও প্রয়োজনে বাইক নিয়ে রাস্তায় বেরোতে হলে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। এছাড়াও ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দিতে যাওয়ার জন্য ও কোনও জরুরি প্রয়োজনে বাইক নিয়ে বেড়ানো যাবে৷ এছাড়াও Ola, Uber, Zomato, Swiggy-সহ বিভিন্ন হোম ডেলিভারি সংস্থার পরিষেবা প্রদানকারীরা এই সময়ে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। বাকি ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: “তৃণমূল মহিলা বিরোধী, ৪-মের পর খুলবে সব ফাইল” পানিহাটিতে হুঙ্কার মোদীর
প্রসঙ্গত, নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল চলাচলে জারি থাকা বিধিনিষেধে আংশিক ছাড়ের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আসলে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার ক্ষেত্রেই এই পদক্ষেপ। যদি এই বিধিনিষেধ না মানা হয় তাহলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই জেলাশাসক, পুলিশ সুপারদের ফ্রেশ অর্ডার পাঠানো হয়েছে।










