বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই সতর্ক করেছিলেন দলের অভিভাবক তথা বিজেপির (Bhartiya Janata Party) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যা বলেছিলেন এবার ঘটে গেল তেমনটাই। তৃণমূলের স্থানীয় নেতাদের সাথে হাত মেলানোর অভিযোগে শীতলকুচির ছোটশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বাঁধল সংঘর্ষ (BJP Egg Therapy)! আর তারপরেই দলের কয়েকজন কর্মী বিজেপিরই মন্ডল সভাপতিকে লক্ষ্য করে ছুঁড়লেন ডিম। যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
দলের কর্মীদের হাতেই ডিম থেরাপি পেলেন বিজেপি নেতা!
রাজ্যে ক্ষমতার হাত বদল হতেই নানান জায়গায় ডিম থেরাপির শিকার হয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। বাংলায় যে সংস্কৃতি ছিল না সেটাই যেন নতুন করে তৃণমূল নেতাদের উপর ভারী হয়ে উঠেছিল! সম্প্রতি এ নিয়েই দলের একাংশের নেতাদের সতর্ক করেছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বলেছিলেন, “ডিমের অভিমুখ বদলে যেতে সময় লাগবে না।” সেই বক্তব্যের পরই সোমবারই ঘটে গেল অঘটন।
জানা গিয়েছে, শীতলকুচির বিজেপির মন্ডল সভাপতি পবিত্র অধিকারী তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য নেতাকর্মীদের পঞ্চায়েতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছিলেন। অভিযোগ, টাকা নিয়ে তৃণমূলের নিচু তলার নেতাদের সাথে সেটিং করেছেন তিনি! এমনকি টাকার বিনিময়ে আগামী দিনে কাজ পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে। আর তারপরেই বিজেপির ওই নেতাকে ঘিরে ধরে ডিম ছুঁড়লেন বিজেপির কয়েকজন স্থানীয় কর্মী।
অবশ্যই পড়ুন: বাংলাদেশি, পাকিস্তানিদের তাড়িয়ে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি, জনরোষে উত্তাল নেপাল!
বিজেপির এক গোষ্ঠীর কর্মীদের অভিযোগ, তৃণমূল আমলে বিশেষ করে 2021 সালে ভোটে জিতে ক্ষমতায় আসার পর বিজেপির নেতাকর্মীদের মারধর করেছেন, সেইসব নেতাদেরকেই টাকা নিয়ে দলের সেটিং করিয়ে দিচ্ছিলেন পবিত্র অধিকারী! আর সেই অভিযোগেই সোমবার দুই গোষ্ঠীর মধ্যে বাধে সংঘর্ষ। আর তারপরেই ডিম থেরাপির শিকার হন বিজেপির মন্ডল সভাপতি! যেই ঘটনায় অনেকেই শমীক ভট্টাচার্যের তত্ত্ব খুঁজে পাচ্ছেন!










