অনন্যা সরকার, হাওড়া: রামরাজাতলা থেকে ধর্মতলা রুটের ঐতিহ্যবাহী ৫২ রুটে (Route 52 Bus) অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন মালিকপক্ষ। তাঁরা জানান, বর্তমানে এই রুটে বাস চালিয়ে প্রতি বাস মালিকের দৈনিক লাভ মাত্র ৭০০-৮০০ টাকার মতো হচ্ছে। লাভ তো কমই, তার ওপর আবার রাতে বাস রাখা নিয়ে প্রতিটি বাসের ওপর ৫,০০০ টাকা করে জরিমানা আরোপ করা হচ্ছে। এই অভিযোগ তুলে শতাব্দীপ্রাচীন ৫২ নং রুটের বাস রাস্তায় নামানো বন্ধ করলেন মালিকপক্ষ।
বাস পার্কিং নিয়ে সমস্যায় মালিকরা
বাস মালিকরা বলছেন, মূলত বাজার বন্ধ থাকার সময় রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাসগুলো বাইরে রাখা হয়। মানে, বাজার বন্ধ থাকলে বাসস্ট্যান্ডের পরিবর্তে বাসগুলো বাইরে রাখার প্রয়োজন হয়। কিন্তু তার জন্য নিয়মিত ৫,০০০ টাকা জরিমানা করা হচ্ছে।। এর ফলে বাস মালিকদে ওপরগুরুতর আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। একদিকে দিনে লাভ হচ্ছে মাত্র ৭০০-৮০০ টাকা, অন্যদিকে এককালীন জরিমানা তার থেকেও কয়েকগুণ বেশি। তাই এই পরিস্থিতিতে বাস চালানো মালিকদের জন্য অর্থনৈতিকভাবে কতটা লাভজনক হবে, তাই নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
কিন্তু এই দীর্ঘকালীন রুটে বহু যাত্রী নিত্যদিন যাতায়াত করেন। হাওড়া স্টেশন বা ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় যাতায়াতের জন্য হাওড়ার বহু বাসিন্দা এই বাসটির ওপর নির্ভর করেন। ফলে, ৫২ নম্বর রুটের বাস বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রুটটি নিত্যযাত্রীদের দৈনন্দিন যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে একটি নির্ভরযোগ্য পথ ছিল। ইতিমধ্যেই যাত্রীরা ভোগান্তির শিকার হতে শুরু করেছেন।
আরও পড়ুন: বিদ্যুতের তার মুক্ত হবে সিউড়ি সহ পাঁচ শহর, দরপত্র ডাকল রাজ্য সরকার
অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথাই বলছেন বাস মালিকরা। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। রুট-সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার মালিকপক্ষের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে বাস মালিকরা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।










