১৯ বছরেও কার্যকর হয়নি নির্দেশ, ধর্মতলা বাসস্ট্যান্ড সরাতে এবার কমিটি গঠন হাইকোর্টের

Published:

Dharmatala Bus Terminus

সহেলি মিত্র, কলকাতাঃ ধর্মতলা বাস স্ট্যান্ড (Dharmatala Bus Terminus) স্থানান্তরের বিষয়টি নিয়ে বিতর্ক শেষই হতে চাইছে না। চলতি বছরেই চিরাচরিত L20 বাসস্ট্যান্ডটি অন্যত্র সরে গিয়েছে। এদিকে এখন এই অন্যতম ব্যস্ত বাসস্ট্যান্ড স্থানান্তর-সংক্রান্ত মামলায় একটি কমিটি গঠন করা হল। উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

ধর্মতলা বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে কমিটি গঠন

সূত্রের খবর, এই কমিটির নেতৃত্বে থাকবেন বিচারপতি দেবাংশু বসাক, সেইসঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যসচিবও। সাধারণ মানুষের সুবিধার্থে বহুতল পার্কিং তৈরি করা যায় কিনা সেটা নিয়েও একটি হাইভোল্টেজ আলোচনা করবে এই কমিটি বলে খবর। বাবুঘাটের পার্কিং স্থানান্তর নিয়েও আলোচনা হতে পারে। কমিটির পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট। দীর্ঘ ১৯ বছর ধরে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ কার্যকর হয়নি।

রিপোর্ট জমা পড়বে আদালতে

২০০৭ সালে ধর্মতলা বাস টার্মিনাস হাওড়ায় স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে সেই নির্দেশ আজও কার্যকর হয়নি। এদিকে বাসস্ট্যান্ডের ওপরেও চাপ পড়ছে বলে খবর। সেইসঙ্গে দূষণ বাড়ছে। এহেন অবস্থায় রাজ্যকে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বাস টার্মিনাস স্থানান্তরের বিষয় নিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছে। বেঞ্চের তরফে জানানো হয়েছে, মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে হবে। কমিটিতে থাকবেন রাজ্যের এজি, পরিবেশ এবং পরিবহন দফতরের আধিকারিক ও মামলাকারী। বাস টার্মিনাস স্থানান্তর মসৃণ করতে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে পারে কমিটি।

আরও পড়ুনঃ বিজেপির ভোট প্রচারে ইনফ্লুয়েন্সারদের তালিকায় নাম! সায়কের পর এবার মুখ খুললেন RJ প্রিয়াঙ্কা

২০০২ সালে পরিবেশকর্মী সুভাষ দত্ত কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় যানবাহনজনিত দূষণ রোধই ছিল মামলার মূল উদ্দেশ্য। ২০০৭ সালে সেই মামলায় ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরানোর নির্দেশ দেয় হাইকোর্ট এবং তৎকালীন রাজ্য সরকারকে ছয় মাসের সময়সীমা দেওয়া হয়। পরে সুপ্রিম কোর্ট সময়সীমা তুলে নিলেও বাস টার্মিনাস সরানোর নির্দেশে হস্তক্ষেপ করেনি। কিন্তু এরপরও হাইকোর্টের নির্দেশ মেনে টার্মিনাস স্থানান্তর করা হয়নি।

google button